
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়া এখন শুধু বিনোদনের মাধ্যম নয়, উপার্জনেরও অন্যতম বড় ক্ষেত্র। একসময় টিকটকের হাত ধরে ছোট ভিডিও তৈরির জনপ্রিয়তা বাড়লেও, ভারতে ওই অ্যাপ নিষিদ্ধ হওয়ার পর দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে ইনস্টাগ্রাম রিল। বর্তমানে এই প্ল্যাটফর্মে কনটেন্ট তৈরি করে মোটা অঙ্কের আয় করছেন বহু ক্রিয়েটর। এবার তাঁদের কথা মাথায় রেখেই নতুন ফিচার আনার পথে ইনস্টাগ্রাম। এই ফিচার চালু হলে প্ল্যাটফর্মে আপলোড করা যাবে আরও দীর্ঘ দৈর্ঘ্যের ভিডিও। ঠিক কী সুবিধা মিলবে নতুন এই ফিচারে? জেনে নেওয়া যাক বিস্তারিত।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এবং ভাইস প্রেসিডেন্ট টেসা লায়ন্স একটি ভিডিওর মাধ্যমে ‘ফিচারস’ নামে নতুন একটি ফরম্যাটের কথা জানিয়েছেন। এই ‘ফিচারস’-এ নির্মাতারা আগে আপলোড করা রিলের সময়সীমা বাড়াতে পারবেন। এই ফিচারের মাধ্যমে আগামীতে ৯০ মিনিট পর্যন্ত দীর্ঘ ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করতে পারবেন ক্রিয়েটররা। অর্থাৎ শুধু রিলেই আর সীমাবদ্ধ থাকবে না ইনস্টাগ্রাম। আসলে নির্মাতাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। দীর্ঘ ভিডিও আপলোডে ফলোয়ার যেমন বাড়বে, তেমনই বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রোমোশনের সুযোগও বেশি হবে। তাতে বাড়বে আয়।
মোসেরি এদিন জানান, তিনিই আগে ইনস্টাগ্রামে দীর্ঘ দৈর্ঘ্যের ভিডিও আনার বিরোধিতা করেছিলেন। তবে দর্শকদের অভ্যাসের পরিবর্তনের কথা মাথায় রেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন। অনেকক্ষেত্রেই দেখা যায়, পডকাস্টের রিল দেখে দশর্করা আগ্রহী হলেও তারা বিস্তারিত খুঁজে পান না। আগামীতে আগ্রহী দর্শকদের সম্পূর্ণ পর্ব বা দীর্ঘ ভিডিওগুলো প্ল্যাটফর্মটিতে আলাদা ফিচার হিসেবে মিলবে। কবে থেকে চালু হবে এই ফিচারস? মোসেরি জানান, এটি এখনও শুরুর পর্যায়ে রয়েছে। বিভিন্ন বিষয় পরীক্ষা নিরীক্ষা চলছে। ব্যবহারকারীদের মতামত নেওয়া হচ্ছে।
Really enjoyed my conversation with @ColinandSamir about our recent steps into longer-form video. A lot has changed since we talked last, and I think we're both better prepared to start down this path and eyes-wide open about the pros and cons of longer video.
— Adam (@mosseri) October 26, 2026
