Rann Utsav: চাঁদের আলোয় ঝলমল নুনের প্রান্তর, শুরু কচ্ছের রণ উৎসব! কী ভাবে যাবেন?

Rann Utsav 2026
Rann Utsav 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিগন্তজোড়া সাদা লবণের প্রান্তর। পূর্ণিমার চাঁদের আলোয় সেই বিস্তীর্ণ ভূমি যেন রূপকথার জগতে পরিণত হয়। এমন অপূর্ব দৃশ্য কেবল কল্পনায় নয়, বাস্তবেই উপভোগ করার সুযোগ রয়েছে। গুজরাতের কচ্ছের রণ উৎসব পর্যটকদের সামনে খুলে দিচ্ছে প্রকৃতির এই অনন্য সৌন্দর্যকে কাছ থেকে দেখার দরজা। 

গুজরাতের কচ্ছের এই রণ থর মরুভূমির সম্প্রসারিত অংশ এবং বিশ্বের বৃহত্তম মরসুমি জলাভূমি। গুজরাতের উত্তর-পশ্চিম প্রান্তে পাকিস্তানের সীমান্তঘেঁষা এলাকাটি বর্ষাকাল থাকে জলের তলায়। কিন্তু মাঝ নভেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি জল বাষ্পীভূত হয়ে নুন জমাট বাঁধে। তৈরি হয় সাদা মরুভূমি। সেখানেই তাক লাগানো এক দুনিয়া যেন জেগে ওঠে রণ উৎসবের হাত ধরে। রঙিন পোশাক পরা মানুষজন, সাদা তাঁবু, গুজরাতি লোকনৃত্য, রংবেরঙের জিনিস, মরুভূমির বুকের অস্তিমত সূর্য, উটের পিঠে ঘুরে বেড়ানো, অ্যাডভেঞ্চার স্পোটর্স মিলিয়ে এক হইহই-রইরই ব্যাপার।

পয়লা নভেম্বর থেকেই শুরু হয়ে গিয়েছে রণ উৎসব। আর তাকে কেন্দ্র করেই সেজে উঠেছে রণের ধরদো এলাকা। আপাতত তা হয়ে উঠেছে এক অস্থায়ী তাঁবু-শহর। সার সার তাঁবুতে পর্যটকদের থাকার ব্যবস্থা। সাজানো খাট-বিছানা, এসি, রুম হিটার, লাগোয়া বাথরুমে গরম জল থেকে প্রসাধনী— সব রয়েছে। ডাইনিং হলে খাওয়ার আয়োজনও এলাহি। বৈচিত্রময় গুজরাতি খানা, হরেক পদ। সোজা হিসেব— আরামে থাকো, খাও-দাও আর দু’চোখ ভরে দেখো! দেখে নাও, সূর্যোদয়, সূর্যাস্তে রং বদলের খেলা আর পূর্ণিমার রাতে সাদা বালুতে চন্দ্রালোকের রূপ। আগামী ৭ মার্চ পর্যন্ত ১২৭ দিন ধরে উৎসব চলবে। এলাহি ব্যবস্থা সর্বত্র। চাঁদনি রাতের জন্যও রয়েছে বিশেষ প্যাকেজ ট্যুর। 

জ্যোৎস্না রাতে কচ্ছের রণ: চাঁদের আলোয় যখন চরাচর ভেসে যায়, মরভূমিতে জন্ম হয় এক অপার্থিব সৌন্দর্যের। সেই রূপ দেখার জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। ২২-২৫ নভেম্বর, ২১-২৪ ডিসেম্বর, ২০-২৩ জানুয়ারি, ১৮-২১ ফেব্রুয়ারিতে চন্দ্রালোকিত রাতে রণ দেখার ব্যবস্থা রয়েছে।

উৎসব এবং ছুটির দিনগুলিতে থাকছে বিশেষ ব্যবস্থা: 

দীপাবলি সপ্তাহ (৮–১৪ নভেম্বর, ২০২৬)

বড়দিন ও নতুন বছর (১৮ ডিসেম্বর, ২০২৬ – ২ জানুয়ারি, ২০২৭)

মকর সংক্রান্তি বা ঘুড়ি উৎসব (১৪ জানুয়ারি, ২০২৭)

প্রজাতন্ত্র দিবস (২৬ জানুয়ারি, ২০২৭)

রণ উৎসবে ঘুরবেন কী ভাবে: ধরদো গ্রামকে কেন্দ্র করে এই উৎসবের আয়োজন হলেও পুরো কচ্ছ জুড়েই দর্শনীয় একাধিক স্থল রয়েছে।

​হোয়াইট রণ: উৎসবের মূল আকর্ষণ চোখ ধাঁধানো সাদা লবণভূমি। দুপুরে যা সাদা, গোধূলিতে তার রূপ বদলায়। চাঁদের আলোয় তা হয়ে ওঠে রুপোলি।

কালো দুঙ্গার: কচ্ছের সর্বোচ্চ বিন্দু। এখান থেকে দিগন্তবিস্তৃত রণ এবং ভারত-পাকিস্তান সীমান্তের অংশ চোখে পড়ে। এ ছাড়া এখানে ‘ম্যাগনেটিক রোড’ থাকার জন্য দৃষ্টিবিভ্রম হয়। সে-ও এক মজার অভিজ্ঞতা।

শিল্পীদের গ্রাম: স্থানীয় শিল্পীদের তৈরি রোগান আর্ট, মাটির উপর কাচের কাজ এবং কচ্ছের পোশাক-আশাক কেনার আদর্শ জায়গা।

ভুজ ও ঐতিহাসিক নিদর্শন: উৎসব প্রাঙ্গণে যাওয়ার আগে বা ফেরার পথে ভুজে দেখে নিতে পারেন রাজকীয় প্রাগ মহল, কচ্ছ মিউজ়িয়াম এবং ২০০১-এর ভূমিকম্পের স্মৃতিবাহী ‘স্মৃতিবন’।

ধোলাভিরা: ইইতিহাসের প্রতি আগ্রহ থাকলে দিয়ে যেতে পারেন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকাভুক্ত সিন্ধু সভ্যতার নিদর্শন ‘ধোলাভিরা’য়। কচ্ছের রণ-এর মাঝখান দিয়ে খাভদা গ্রাম থেকে ধোলাভিরার দিকে রাস্তা চলে গেছে। প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটির দুই পাশে দিগন্ত বিস্তৃত সাদা লবণের মরুভূমি।

​কোথায় থাকবেন: মরুভূমিতে রাত কাটানোই রণ উৎসবের অন্যতম সেরা অনুভূতি। ধরদোর কাছে তৈরি হওয়া সুসজ্জিত ও নিরাপদ তাঁবুতে থাকতে পারেন। নানা মানের তাঁবু রয়েছে। যেমন—

দরবারি ও রাজওয়াড়ি স্যুট: বিশাল আয়তনের বিলাসবহুল স্যুট। এতে রয়েছে আলাদা বসার ঘর, রাজকীয় বিছানা এবং ব্যক্তিগত পরিষেবা।

প্রিমিয়াম এসি তাঁবু: বেশিরভাগ পর্যটকের প্রথম পছন্দ। আরামদায়ক বিছানা, নিজস্ব বাথরুম ও এসি থাকে। তাছাড়া খাবারের স্টল এবং সাংস্কৃতিক মঞ্চগুলিও এখান থেকে বেশ কাছে।

​স্ট্যান্ডার্ড তাঁবু: তুলনামূলক কম খরচে থাকার জন্য উপযুক্ত। পরিষ্কার-পরিচ্ছন্ন, ছিমছাম এবং মরুভূমির কনকনে ঠান্ডাতেও যাতে শীত না করে, তার ব্যবস্থা থাকে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…