Mamata Banerjee: মমতাকে সাক্ষী হিসেবে তলব, ১৩ বছরের পুরনো মামলার তদন্তে কালীঘাটে দিল্লি পুলিশ

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আবারও আইনি জটিলতায় জড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজোর পরের দিন, সোমবার দুপুরে কালীঘাটে তাঁর বাড়িতে পৌঁছন দিল্লি পুলিশের একাধিক আধিকারিক। সূত্রের খবর, প্রায় ১৩ বছর পুরনো একটি মামলার তদন্তের সূত্রেই তাঁকে সাক্ষী হিসেবে তলব করেছে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানা। সেই সংক্রান্ত নোটিস পৌঁছে দিতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে পুলিশের এই উপস্থিতি বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, সোমবার বিকেলে হঠাৎই কালীঘাট থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় দিল্লি পুলিশ। পুরনো একটি মামলায় সাক্ষী হিসেবে তলব করে তাঁকে নোটিস দেওয়া হয়েছে। সূত্রের খবর, মামলাটি ২০১৩ সালের। সরকারি কাজে বাধা, আধিকারিকদের উপর আক্রমণ-সহ একাধিক ধারার উল্লেখ রয়েছে নোটিসে। মামলাটি হয়েছিল পার্লামেন্ট স্ট্রিট থানায়। জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় মতো, তাঁর সাক্ষ্য নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ১৩ বছরের পুরনো মামলায় হঠাৎ এই পুলিশি হানার নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধও পাচ্ছেন অনেকেই। এবিষয়ে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “এতদিন কেন ডাকা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে সেই উত্তর দিল্লি পুলিশ দেবে। ওদের তো আলাদতে নিশ্চয়ই জানাতে হবে।” দিল্লির মামলা হওয়ায় এ নিয়ে আর কিছুই বলতে রাজি হননি তিনি। উল্লেখ্য, পালাবদলের পর গত কয়েকমাসে কালীঘাটে মমতার দুয়ারে কখনও হাজির হয়েছে পুলিশ, কখনও সিবিআই। একাধিক মামলায় জর্জরিত হয়ে পড়েছেন তিনি। যার বেশিরভাগই বিজেপির চক্রান্ত বলে দাবি। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…