
মুম্বই, ৩ নভেম্বর : কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি নিশানা করে নজিরবিহীন আক্রমণ শানালেন শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত। মঙ্গলবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, আগামী দিনে দেশের রাজনৈতিক পটপরিবর্তন ঘটবে এবং রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী পদে আসীন হবেন, অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিহাড় জেলে যেতে হবে।
এনসিপি নেতাদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে সঞ্জয় রাউত অভিযোগ করেন, মহারাষ্ট্রকে দুর্বল করার চক্রান্ত হিসেবেই দলটিতে বিভাজন তৈরি করেছেন অমিত শাহ। তিনি বলেন, "মহারাষ্ট্রের ক্ষমতা খর্ব করতেই অমিত শাহ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে (এনসিপি) দুটি গোষ্ঠী তৈরি করেছেন। তবে খুব দ্রুত উভয় গোষ্ঠীরই রাজনৈতিক অস্তিত্ব সম্পূর্ণ মুছে যাবে। অজিত পওয়ারের পর এনসিপি এখন অভিভাবকহীন হয়ে পড়েছে। এই দল শুধুমাত্র শরদ পওয়ারের, অন্য কারও নয়। ঠিক যেভাবে শিবসেনা একমাত্র উদ্ধব ঠাকরের। বিজেপি-র নির্দেশেই এই সমস্ত নেতারা নিজেদের স্বার্থে দল ভেঙেছেন।"
একই সঙ্গে নির্বাচন কমিশন এবং বিজেপির গণতন্ত্র রক্ষা সংক্রান্ত কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেন উদ্ধব শিবিরের এই শীর্ষ নেতা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, "আমরা কোনও আলোচনা চাইছি না, আমরা সরাসরি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছি। গতকাল তেলঙ্গানায় 'গণতন্ত্র বাঁচাও'-এর নামে যে সমাবেশ করেছে বিজেপি, তা আদতে গণতন্ত্রের হত্যাকারীদেরই এক আয়োজন। আসল প্রশ্ন হলো, তারা ঠিক কার হাত থেকে গণতন্ত্রকে বাঁচাতে চাইছে?"
