
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিঘা স্টেশনে ঢোকার আগেই মাঝপথে দাঁড়িয়ে পড়ল দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস। বুধবার সকালে এই ঘটনায় যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, দিঘা স্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে থাকতেই থেমে যায় ট্রেনটি। সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ট্রেন চলাচলে এই বিঘ্ন ঘটে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ১২৮৫৭ তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনটি দিঘা স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে টিকরা স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ট্রেনটির ইঞ্জিনে পাওয়ার সাপ্লাই না পৌঁছনোর কারণেই এই বিপত্তি ঘটেছে। জানা গিয়েছে, দাঁড়িয়ে পড়া ট্রেনটিকে টেনে নিয়ে যাওয়ার জন্য তমলুক থেকে একটি ইঞ্জিন নিয়ে যাওয়া হচ্ছে। সূত্রের খবর, ওই ইঞ্জিনটি বর্তমানে কাঁথি স্টেশনে পৌঁছেছে। আটকে পড়া ট্রেনটিকে ওই ইঞ্জিনের সাহায্যেই দিঘা পর্যন্ত নিয়ে যাওয়া হবে বলে খবর।
ইতিমধ্যেই রেল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হঠাৎ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। অনেককেই রেলের তরফে টোটোয় করে দিঘায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে পরিষেবা চালু করার চেষ্টা করা হচ্ছে।
