Smugglers Attack 3 BSF Jawans: চোরাচালানকারীদের হামলায় জখম তিন বিএসএফ জওয়ান, উত্তপ্ত ত্রিপুরা, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Smugglers Attack 3 BSF Jawans In Tripura
Smugglers Attack 3 BSF Jawans In Tripura

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ত্রিপুরার বক্সনগরে বিএসএফ জওয়ানদের উপর হামলার অভিযোগ উঠল একদল চোরাচালানকারীর বিরুদ্ধে। সোমবার সকালে আশাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, কর্তব্যরত তিন বিএসএফ জওয়ানকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। এমনকী, তাঁদের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। হামলার পাশাপাশি একটি সরকারি গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। ঘটনায় তিন জওয়ানই গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। দোষীদের চিহ্নিত করে দ্রুত ও কঠোর আইনি পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। 

সূত্রের খবর, আশাবাড়ি সীমান্ত এলাকায় বেআইনি সামগ্রী পাচারের চেষ্টা করছিল একদল চোরাচালানকারী। বিষয়টি নজরে আসে কর্তব্যরত জওয়ানদের। তারা ধাওয়া করলে পাচারকারীরা বিভিন্ন দিকে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে এক অভিযুক্তকে আটক করে BSF। অভিযোগ, অভিযুক্তকে এক জওয়ান লাঠি দিয়ে আঘাত করতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে BSF আধিকারিক দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। সেই সময় উত্তেজিত জনতা তাঁদের ঘিরে ফেলে হামলা চালায় বলে অভিযোগ। ভাইরাল বেশ কিছু ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, হামলাকারীরা জওয়ানদের উপর চড়াও হয়ে আগ্নেয়াস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত সফল হয়নি হামলাকারীরা। আশাবাড়ি বিওপি থেকে অতিরিক্ত BSF বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা এলাকা ছেড়ে চম্পট দেয়।

ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি ঘটনার তীব্র নিন্দা করেছেন। এ প্রসঙ্গে X হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আশাবাড়িতে কর্তব্যরত জওয়ানদের উপর আক্রমণ কোনও ভাবেই মেনে নেওয়া যাবে না। দেশের নিরাপত্তারক্ষীদের উপর হামলা অত্যন্ত উদ্বেগের বিষয়। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না।’ স্থানীয় সূত্রের দাবি, একাধিক বাংলাদেশি নাগরিকও এই হামলায় অংশ নিয়েছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পুলিশ ও BSF-র হাতে এসেছে। অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু করেছে বক্সনগর থানার পুলিশ। বর্তমানে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…