Malda News: আইন ভেঙে বাইক চালানোর অভিযোগ, লাইসেন্স দেখতে চাওয়ায় রক্তাক্ত ট্র্যাফিক ওসি

Two arrested for beating up police in Malda
Two arrested for beating up police in Malda

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মাথায় হেলমেট না পরেই মোটরবাইক নিয়ে রাস্তায় ঘুরছিলেন দুই ভাই। তাঁদের আটক করে গাড়ি চালানোর লাইসেন্স দেখতে চাওয়ায় কর্তব্যরত ট্র্যাফিক ওসি আজমল হোসেনকে মারধরের অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে। অভিযোগ, দুই ভাইয়ের ঘুষিতে রক্তাক্ত হন ওই পুলিশ আধিকারিক। তাঁর নাক, ঠোঁট ও থুতনি দিয়ে রক্ত বের হতে থাকে। নাকে তিনটি সেলাই করতে হয়েছে বলে জানা গিয়েছে। কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া এবং মারধরের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মালদার পুখুরিয়া থানার লগাম্বা এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। 

সূত্রের খবর, লগাম্বা থেকে পুখুরিয়ার দিকে যাওয়ার পথে হেলমেটবিহীন একটি বাইকে থাকা দু’জনকে দাঁড় করান ট্র্যাফিক ওসি আজমল হোসেন। তাঁদের কাছে গাড়ি চালানোর লাইসেন্স দেখতে চাইলে ওসির নাকে তাঁরা ঘুষি মারেন। তার জেরে রক্তাক্ত হন ট্র্যাফিকের ওই অফিসার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দু’জনের বাড়ি পরাণপুর এলাকায়। তাঁরা সম্পর্কে দাদা-ভাই। তাঁদের মধ্যে একজন অগ্নিবীর পদে কর্মরত বলেও জানা গিয়েছে। পুলিশ রাস্তায় তাঁদের গাড়ি থামালে কার্ড দেখিয়ে চোটপাট করতে থাকেন। এই ঘটনায় ওই দুই যুবকের বিরুদ্ধে পুলিশের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপরে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই স্পষ্ট জানিয়েছে, কোনও ভাবেই পুলিশের গায়ে হাত তোলা যাবে না। পুলিশের কাজে বাধা, পুলিশের উপরে হামলার ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ করা হবে। দু’জনকেই পুলিশের ভ্যানে তোলা হয়। নিয়ে যাওয়া হয় পাখুরিয়া থানায়। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…