Tripura

3 days ago

TTAADC Election: টিটিএএডিসি নির্বাচন, মহারানিপুর-তেলিয়ামুড়া কেন্দ্রে পুনঃভোট চলছে

TTAADC Tripura State Election
TTAADC Tripura State Election

 

তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৬ এপ্রিল  : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে ঘিরে ১১-মহারানিপুর-তেলিয়ামুড়া (এসটি) কেন্দ্রের ৫ নন্দ কুমার পাড়া জে বি স্কুল ভোটকেন্দ্রে সংঘটিত অনিয়মের জেরে পুনঃভোট গ্রহণের নির্দেশ দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই নির্দেশ মোতাবেক বৃহস্পতিবার সকাল থেকেই সংশ্লিষ্ট বুথে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ চলছে।

জানা গেছে, পূর্বে অনুষ্ঠিত ভোটগ্রহণ চলাকালীন কিছু অনিয়মের অভিযোগ উঠে আসে, যা নিয়ে নির্বাচন কমিশন বিশেষ গুরুত্ব দেয়। বিষয়টি খতিয়ে দেখতে জেলা নির্বাচন আধিকারিক, রিটার্নিং অফিসার, খোয়াই জেলা পুলিশ সুপার এবং খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও)-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়। সেই রিপোর্টে উল্লিখিত অনিয়মের প্রেক্ষিতেই কমিশন ওই বুথের ভোটগ্রহণ প্রক্রিয়া বাতিল করে পুনরায় ভোট নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, ১৬ এপ্রিল সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পুনঃভোট চলবে। যাতে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে নির্বাচন কমিশন বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে। বুথ ও তার আশপাশ এলাকায় মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী, পাশাপাশি নজরদারির জন্য রাখা হয়েছে প্রশাসনিক আধিকারিকদেরও।

নির্বাচন কমিশন জানিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে কোনওরকম অনিয়ম বরদাস্ত করা হবে না। এই পুনঃভোটকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।

You might also like!