West Bengal

1 week ago

Bhangar News: বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, ভাঙড়ে উত্তপ্ত পরিস্থিতি! দু’পক্ষের সংঘর্ষে পুলিশও আক্রান্ত

Police picket deployed in the area; police personnel attacked
Police picket deployed in the area; police personnel attacked

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   ফের উত্তপ্ত ভাঙড়। মাধবপুর থানা এলাকার ঝিঝিরআইটে এক বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। নাজমুল মোল্লা নামে ওই বিজেপি কর্মীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বিজেপির কর্মসূচিতে যোগ দেওয়াকে কেন্দ্র করেই নাজমুলের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও বিজেপির কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। আর সেই কারণেই তাঁকে নিশানা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। 

এরপর আহত ওই কর্মীকে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করিয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ জানাতে যান বিজেপি নেতৃত্ব। সেই সময় ফের বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে গেলে পুলিশ কর্মীদের সঙ্গেও ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। 

ঘটনাকে কেন্দ্র করে মাধবপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। ঘটনায় তিনজন আইএসএফ নেতা, কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। যদিও বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে আইএসএফ। আইএসএফ নেতা শাহাবুদ্দিন সিরাজির দাবি, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া কয়েকজনের নেতৃত্বে আইএসএফ কর্মীদের উপর হামলা চালায়। সেই বিষয়ে থানায় কথা বলতে গেলে তাঁদের উপর পুনরায় হামলা চালানো হয় বলে তাঁর অভিযোগ। উভয় পক্ষই মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশ পিকেটিং বসানো হয়েছে। 

You might also like!