Haunted Places in Kolkata: প্রতিদিনের চেনা পথে লুকিয়ে ভৌতিক রহস্য! কলকাতার ৫ জায়গা ঘিরে নানা কাহিনি

Haunted Places in Kolkata
Haunted Places in Kolkata

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কলকাতা মানেই ইতিহাস, ঐতিহ্য আর নস্ট্যালজিয়ার মেলবন্ধন। পুরনো বাড়ির বারান্দা, ব্রিটিশ আমলের সাহেবি স্থাপত্য, বইপাড়া, জমজমাট খাবারের দোকান আর প্রাণখোলা আড্ডায় আজও মুগ্ধ হন শহরবাসী ও পর্যটকেরা। শহরের অলিগলি থেকে রাজপথ, সর্বত্র ছড়িয়ে রয়েছে অতীতের নানা স্মৃতি। তবে এই চেনা কলকাতার বুকেই লুকিয়ে রয়েছে এমন কিছু জায়গা, যেগুলিকে ঘিরে প্রচলিত রয়েছে নানা ভৌতিক কাহিনি ও রহস্যময় গল্প। কোথাও পুরনো প্রাসাদোপম বাড়ি, কোথাও পরিত্যক্ত স্থাপত্য, আবার কোথাও ঐতিহাসিক স্থানের সঙ্গে জড়িয়ে রয়েছে অজানা আতঙ্কের উপাখ্যান। এই গল্পগুলির সত্যতা নিয়ে বিতর্ক থাকলেও লোকমুখে সেগুলির জনপ্রিয়তা আজও অটুট। ভূত চতুর্দশীর আবহে ফিরে দেখা যাক কলকাতার এমনই পাঁচটি কথিত ভুতুড়ে জায়গা, যেগুলির পাশ দিয়ে হয়তো প্রতিদিনই যাতায়াত করেন আপনি!

১. ন্যাশনাল লাইব্রেরি

বইয়ের গন্ধ, নিস্তব্ধ পরিবেশ আর সারি সারি তাক ন্যাশনাল লাইব্রেরি মানেই জ্ঞানচর্চার এক বিশাল ঠিকানা। অথচ শোনা যায়, ফাঁকা লাইব্রেরির ভিতরে নাকি মাঝেমধ্যে পাওয়া যায় কারও পায়ের শব্দ। কেউ কেউ দাবি করেছেন, একা বসে পড়ার সময় পিছনে কারও উপস্থিতি অনুভব করেছেন, এমনকী ঘাড়ের কাছে নিঃশ্বাসের শব্দও শুনেছেন। বিশাল এই ঐতিহাসিক ভবনের নিস্তব্ধতা কি এমন অনুভূতির কারণ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? তা নিয়ে অবশ্য জল্পনার শেষ নেই।

২. পুতুলবাড়ি

আপনিও যদি অ্যানাবেলের ফ্যান হয়ে থাকেন তবে পুতুল বাড়ি আপনার কাছে তেমনই রহস্যময় এক জায়গা। নাম শুনলে মনে হতে পারে,সাজানো পুতুলের কোনও বাড়ি। কিন্তু উত্তর কলকাতার পুতুলবাড়িকে ঘিরে প্রচলিত গল্প মোটেই তেমন নয়। বাড়িটির উপরের অংশে পুতুলের মতো নানা অবয়ব থাকায় এমন নামকরণ বলে মনে করা হয়। লোকমুখে শোনা যায়, অতীতে এই বাড়িতে ক্ষমতাবান ধনী ব্যক্তিদের হাতে তরুণী ও নারীদের উপর নির্যাতনের ঘটনা ঘটত। সেই অত্যাচারিত নারীদের আত্মাই নাকি এখনও বাড়িটিতে ঘুরে বেড়ায় এমনই এক ভৌতিক বিশ্বাস প্রচলিত রয়েছে। যদিও এই কাহিনির ঐতিহাসিক সত্যতা প্রতিষ্ঠিত নয়, তবু বাড়িটির পুরনো স্থাপত্য এবং গা ছমছমে পরিবেশ রহস্যের আবহ আরও বাড়িয়ে দেয়।

৩. সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি 

গোরস্থানে গন্ডগোল দেখেছেন আর পার্ক স্ট্রিট সিমেট্রি চেনেন না, এমন মানুষ নেই বললেই চলে! কলকাতার ব্যস্ত পার্ক স্ট্রিটের কাছেই রয়েছে এক অন্য জগৎ, অষ্টাদশ শতকের এই ঐতিহাসিক সমাধিক্ষেত্রের ভিতরে ঢুকলেই চোখে পড়বে পুরনো সমাধি, বিশাল গাছ আর নীরব পরিবেশ। শহরের কোলাহল থেকে কয়েক পা দূরে যেন সময় থমকে রয়েছে এখানে। এই জায়গাকে ঘিরেও রয়েছে নানা ভৌতিক গল্প। কারও দাবি, ভিতরে ঢুকলে হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা লাগে, ভারি হয়ে আসে বাতাস। কেউ আবার অস্বস্তি বা শ্বাসকষ্টের কথা বলেছেন, তবে সবটাই জনশ্রতি, অভিজ্ঞতার কোনও প্রমাণিত অতিপ্রাকৃত ব্যাখ্যা নেই। তবু সমাধিক্ষেত্রের ঐতিহাসিক আবহ আর নিস্তব্ধতা অনেকের কাছেই রহস্যময়।

৪. হেস্টিংস হাউস

আলিপুরের হেস্টিংস হাউসের সঙ্গে জড়িয়ে রয়েছে ব্রিটিশ ভারতের ইতিহাস। প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের সঙ্গে যুক্ত এই ঐতিহাসিক ভবনকে ঘিরে রয়েছে একাধিক ভৌতিক কাহিনি। প্রচলিত গল্প থেকে জানা যায়, নতুন বছরের রাতে নাকি ওয়ারেন হেস্টিংস নিজের কিছু জিনিসপত্র নিতে এই বাড়িতে ফিরে আসেন! শুধু তাই নয়, বাড়ির মাঠে ফুটবল খেলতে গিয়ে এক তরুণের মৃত্যুর পর তার আত্মাকেও নাকি এখানে দেখা যায় বলে দাবি করেন কেউ কেউ। এমনকী চারটি ঘোড়ায় টানা একটি রহস্যময় গাড়ি দেখার গল্পও শোনা যায়। ইতিহাস আর লোককথা মিলিয়ে হেস্টিংস হাউস যেন কলকাতার অন্যতম রহস্যময় ঠিকানা।

৫. রাইটার্স বিল্ডিং

ডালহৌসির বি বি ডি বাগের ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং কলকাতার অন্যতম পরিচিত স্থাপত্য। একসময় ব্রিটিশ আমলের প্রশাসনিক কাজকর্মের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই ভবন। কিন্তু দিনের ব্যস্ততার বাইরে সন্ধ্যার পর এই বাড়িকে ঘিরেও ছড়িয়ে রয়েছে নানা ভৌতিক গল্প। প্রচলিত কাহিনি অনুযায়ী, রাতের দিকে নাকি ফাঁকা করিডরে পায়ের শব্দ শোনা যায়। কেউ কেউ আবার কান্নার আওয়াজ শোনার দাবিও করেছেন। ব্রিটিশ আমলের এক পুলিশ আধিকারিক কর্নেল সিম্পসনের আত্মা নাকি এখনও এই ভবনে ঘুরে বেড়ায় এমন গল্পও লোকমুখে প্রচলিত। যদিও এসব দাবির কোনও নির্ভরযোগ্য প্রমাণ নেই, তবু বিশাল ভবনটির ইতিহাস ও স্থাপত্য রহস্যের আবহ তৈরি করতে যথেষ্ট।কলকাতার এই পাঁচটি জায়গার প্রত্যেকটির সঙ্গেই জড়িয়ে রয়েছে ইতিহাস, স্থাপত্য এবং নানা লোককথা। ভূতে বিশ্বাস থাকুক বা না থাকুক, এই জায়গাগুলির গল্প শুনলে শহরটাকে যেন নতুন করে চিনতে ইচ্ছে করে। কারণ কলকাতার প্রতিটি পুরনো দেওয়ালের আড়ালেই হয়তো লুকিয়ে রয়েছে এমন কোনও গল্প, যা এখনও পুরোপুরি জানা হয়নি।


 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…