Air Purifier Care Tips: ঘরের বাতাস দূষণমুক্ত রাখতে এয়ার পিউরিফায়ার, দীর্ঘদিন ভালো রাখতে মানুন এই নিয়মগুলি

Air Purifier Care Tips
Air Purifier Care Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দীপাবলির রাত থেকেই কলকাতার বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। বাতাসে মিশছে নানা ক্ষতিকর উপাদান। ফলে বাইরে বেরোলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে শুধু বাইরের বাতাসই নয়, ঘরের পরিবেশও যে পুরোপুরি দূষণমুক্ত, এমনটা ভাবার কোনও কারণ নেই। জানলা-দরজা বন্ধ রাখলেও বাইরের দূষিত বাতাসের ক্ষতিকর কণা ঘরের ভিতরে প্রবেশ করতে পারে। পাশাপাশি বদ্ধ ঘরে জমতে পারে ধুলো, ধোঁয়া ও অন্যান্য দূষণকারী উপাদান। এই পরিস্থিতিতে ঘরের বাতাস বিশুদ্ধ রাখতে অনেকেই ভরসা রাখছেন এয়ার পিউরিফায়ারের উপর। কিন্তু শুধু যন্ত্র কিনে ব্যবহার করলেই কি দায়িত্ব শেষ? নিয়মিত পরিষ্কার না করলে এয়ার পিউরিফায়ারও কার্যকারিতা হারাতে পারে। তাই যন্ত্রটির সঠিক রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কারের নিয়ম জানা জরুরি। কী ভাবে পরিষ্কার রাখবেন আপনার এয়ার পিউরিফায়ার?

ফিল্টার ও ভেন্টে ময়লা জমলে পিউরিফায়ার ঠিকমতো কাজ করে না। তাই যন্ত্রটাকেও নিয়মিত পরিষ্কার রাখা দরকার। পরিষ্কার করার আগে পিউরিফায়ার বন্ধ করে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিন। কোন অংশ কী ভাবে খুলতে হবে, তার জন্য ম্যানুয়াল দেখে নিন।

বাইরের অংশ ও ভেন্ট পরিষ্কার করুন

নরম, শুকনো বা হালকা ভেজা মাইক্রোফাইবার কাপড় দিয়ে বাইরের অংশ মুছুন।

গ্রিল, ভেন্ট ও ফ্যানের জায়গার ধুলো পরিষ্কার করতে নরম ব্রাশ বা ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করুন।

হার্ড ক্লিনার, অ্যালকোহল বা সলভেন্ট ব্যবহার করবেন না। এতে প্লাস্টিক নষ্ট হতে পারে।

যন্ত্রের ভিতরে যেন জল না ঢোকে, সেদিকে খেয়াল রাখুন। পরিষ্কারের পরে বাইরের অংশ শুকনো কাপড়ে মুছে নিন।

প্রি-ফিল্টার ভ্যাকুয়াম করুন বা ধুয়ে নিন

ম্যানুয়াল দেখে প্রি-ফিল্টার খুলুন এবং ভ্যাকুয়াম দিয়ে ধুলো পরিষ্কার করুন।

ম্যানুয়ালে যদি উল্লেখ থাকে তা হলে ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন। দরকার হলে সামান্য তরল সাবানও ব্যবহার করতে পারেন। তবে গরম জল ব্যবহার করবেন না।

ফিল্টার পুরোপুরি শুকিয়ে তবেই যন্ত্রে আবার লাগান। ভিজে থাকা ফিল্টার লাগালে ছত্রাক জমার ঝুঁকি থাকে।

ঘরে খুব বেশি ধুলো থাকলে দু’সপ্তাহ অন্তর প্রি-ফিল্টার পরিষ্কার করুন।

HEPA ও কার্বন ফিল্টার সাবধানে সামলান

HEPA ফিল্টার সাধারণত জলে ধোয়া যায় না, জলে নষ্ট হয়ে যেতে পারে। নরম ব্রাশ বা ভ্যাকুয়ামের ব্রাশ অ্যাটাচমেন্ট দিয়ে আলতো করে ধুলো ঝেড়ে ফেলতে পারেন। (‘ওয়াশেবল’ লেখা থাকলে ধোয়া যাবে।)

সাধারণত HEPA ফিল্টার ছয় মাস থেকে এক বছর, কিছু ক্ষেত্রে আরও বেশি চলে। এটা মডেল, ব্যবহার ও দূষণের মাত্রার উপর নির্ভর করে। ঠিকমতো কাজ না করলে বা যন্ত্রের ইন্ডিকেটর বদলের সংকেত দিলে ফিল্টার বদলে ফেলুন।

অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার সাধারণত পরিষ্কার করে ব্যবহার করা যায় না। শেষ হয়ে গেলে বদলে নিন।

এয়ার-কোয়ালিটি সেন্সর পরিষ্কার করুন

অনেক পিউরিফায়ারে ছোট এয়ার-কোয়ালিটি সেন্সর থাকে। ধুলো জমলে এটি ভুল রিডিং দেখাতে পারে। নরম ব্রাশ বা শুকনো তুলোর বাড দিয়ে আলতো করে পরিষ্কার করুন। সেন্সরে জল বা তরল ব্যবহার করবেন না।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…