Suspend Kolkata Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর একলাখ আহমেদ!

Kolkata Police Inspector suspended
Kolkata Police Inspector suspended

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে সাসপেন্ড করা হল কলকাতা পুলিশের ইনস্পেক্টর একলাখ আহমেদকে। সোমবার সকালে কলকাতা পুলিশ কমিশনারের দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকায় জানানো হয়েছে, সরকারি কর্মী হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় সরকার ও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করার অভিযোগের তদন্ত করবে রাজ্য সরকার। সাসপেনশন চলাকালীন ওই পুলিশ আধিকারিকের বেতনের অর্ধেক কেটে নেওয়া হবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। 

ঘটনার সূত্রপাত কলকাতা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি আলোচনাকে কেন্দ্র করে। জানা যায়, ওই আলোচনা চলাকালীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে একের পর এক অশালীন মন্তব্য একলাখ আহমেদ করেন বলে অভিযোগ। যা নিয়ে রীতিমতো গ্রুপে বিতর্কের ঝড় ওঠে। যদিও কিছু সময় পরে গ্রুপ থেকে নিজের মন্তব্য মুছে দেন অভিযুক্ত ওই পুলিশ আধিকারিক। শুধু তাই নয়, চেয়ে নেন ক্ষমা। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে! সমাজমাধ্যমে ভাইরাল একলাখের করা পোস্টের স্ক্রিনশট। আর তা নজর পড়তেই কলকাতা পুলিশের ওই ইনস্পেক্টরকে সাসপেন্ড করল লালবাজার।

বলে রাখা প্রয়োজন, এর আগে কলকাতা পুলিশের দুই ডিসির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল লালবাজার। সোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্যের জেরেই এহেন সিদ্ধান্ত নেন লালবাজারের। তালিকায় ছিলেন কলকাতা পুলিশের ডি সি নর্থ ৩ বিধান সাহা ও ডিসি পোর্ট ২ পার্থ প্রতিম দাস। এহেন ঘটনার পরেই কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা স্পষ্ট বার্তা দিয়েছিলেন, পুলিশ আধিকারিকদের সোশাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকতে হবে। কারণ প্রশাসনের তরফে কোনও ভুল বার্তা গেলে, তা সমাজের উপর বিরূপ প্রভাব ফেলে। ফলে সোশাল মিডিয়ায় কোনও বিবৃতি বা ভিডিও পোস্ট করার আগে যেন সকলে সচেতন থাকেন। কিন্তু এরপরেও সমাজমাধ্যমে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে ‘আপত্তিকর’ মন্তব্য করে এবার সাসপেন্ড হলেন ইনসপেক্টর একলাখ আহমেদ।  

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…