
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের মরশুমে ফুলের বাগান সাজানোর পাশাপাশি অনেকেই বাড়ির ছাদে বা বারান্দায় নানা ধরনের শাকসব্জি চাষের পরিকল্পনা করেন। কিন্তু নতুন গাছ বসানোর আগেই যদি বাগানে শুঁয়োপোকার উপদ্রব শুরু হয়, তা হলে সেই পরিকল্পনায় জল ঢালতে পারে এই ছোট্ট কীট। গাছের ডালপালা ও পাতায় ঘুরে বেড়ানো শুঁয়োপোকার দল ইতিমধ্যেই অনেক গাছের পাতা কুরে খেয়ে ফেলছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছের স্বাভাবিক বৃদ্ধি। এখনই এই পোকার উৎপাত নিয়ন্ত্রণে না আনলে নতুন করে লাগানো ফুল ও সব্জির গাছও রেহাই পাবে না। তাই শীতের বাগান তৈরির প্রস্তুতি শুরুর আগে শুঁয়োপোকার হাত থেকে গাছপালাকে রক্ষা করা জরুরি। কী ভাবে সহজে এই উপদ্রব কমাবেন? রয়েছে তিনটি কার্যকর ঘরোয়া মিশ্রণের হদিস।
বাগানে শুঁয়োপোকার উপদ্রব হলে দেখবেন, গাছের পাতা এলোমেলোভাবে খাওয়া। অনেক সময় পাতার ডগাগুলো চিবোনো, শুধু শিরাগুলো বেরিয়ে আছে। তবে এই লক্ষণ সব গাছে সমান ভাবে দেখা যায় না। তাই পাতার নীচের দিকটাও দেখুন। সেখানে শুঁয়োপোকা লুকিয়ে থাকতে পারে, ডিমও থাকতে পারে।
কোন টোটকায় দূর করবেন শুঁয়োপোকার বাড়বাড়ন্ত?
১. ভিনিগারের স্প্রে: ৪-৫ লিটার জলে ২ টেবিল চামচ ভিনিগার মিশিয়ে নিন। এই মিশ্রণ শুঁয়োপোকা এবং পাতার উপর স্প্রে করুন।
২. রসুন-গোলমরিচের স্প্রে: কয়েক কোয়া রসুন ও সামান্য গোলমরিচ একসঙ্গে পেস্ট করুন। সেই পেস্ট জলে ভালো করে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে ছেঁকে নিয়ে গোটা গাছে স্প্রে করুন। রসুনের কড়া গন্ধে শুঁয়োপোকা দূরে থাকতে পারে।
৩. নিম তেলের স্প্রে: ১ লিটার ঈষদুষ্ণ জলে ১-২ চামচ নিম তেল এবং কয়েক ফোঁটা লিকুইড ডিশ ওয়াশ বা শ্যাম্পু ভালো করে মিশিয়ে নিন। পাতার উপরে ও নীচে স্প্রে করুন। ২-৩ দিন অন্তর ব্যবহার করলে ভালো ফল মিলতে পারে।
গাছে মিলিবাগের আক্রমণ, পাতা পচে যাচ্ছে? হলুদ-নিম-সহ ৭টি ঘরোয়া উপাদানেই করুন গাছের যত্নকী ভাবে শুঁয়োপোকার উৎপাত ঠেকাবেন?
নিয়মিত বাগান পরিষ্কার রাখুন এবং গাছের পাতা পরীক্ষা করুন।
পাতা ভাঁজ করে দেখুন, ডিম আটকে আছে কি না। কোথাও লার্ভা জমে আছে কি না, তাও খুঁজুন।
ডিম ও লার্ভা পেলে একসঙ্গে সরিয়ে ফেলুন। মথ-প্রজাপতি যাতে গাছে ডিম পাড়তে না পারে, সেদিকে নজর রাখুন। দরকারে নেট বা জাল দিয়ে বাগান ঢেকে দিন, যাতে কীটপতঙ্গ ঢুকতে না পারে।
শুঁয়োপোকা কম থাকলে গ্লাভস পরে হাতে তুলে ফেলে দিন।
