
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সন্দেশখালিতে ফের পুলিশের বড়সড় পদক্ষেপ! জমি ও ভেড়ি দখল-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা সত্যজ্যোতি সান্যাল। খুলনা গ্রাম পঞ্চায়েতের এই অঞ্চল সভাপতি একসময় শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। রাজ্যে পালাবদলের পর থেকেই তিনি এলাকাছাড়া ছিলেন বলে জানা গিয়েছে। এবার পুলিশের জালে ধরা পড়তেই নতুন করে চর্চায় সন্দেশখালি।
তৃণমূল আমলে শেখ শাহজাহান ছিলেন সন্দেশখালি-সহ আশেপাশের এলাকার শেষকথা। তাঁরই ঘনিষ্ঠ ছিলেন এই তৃণমূল নেতা। এলাকায় একাধিক দুর্নীতি, জবরদখল-সহ এলাধিক অভিযোগ রয়েছে সত্যজ্যোতি সান্যালের বাড়িতে। অভিযোগ, এলাকার বহু মানুষের জমি দখল করা হয়েছে। মারধর করে মাছের ভেড়িও নেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, এলাকার মজুর, সাধারণ মানুষদের জবকার্ডের টাকাও আত্মসাতের ভূরি ভূরি
অভিযোগ রয়েছে। এছাড়াও বহু অভিযোগ রয়েছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে।
রাজ্যে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। ওই এলাকাতেও বিজেপি জয়ী হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পরই এলাকা ছেড়ে গা ঢাকা দেয় তৃণমূল নেতা সত্যজ্যোতি সান্যাল। পুলিশ তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশিও করছিল। কিন্তু খোঁজ মিলছিল না। শেষপর্যন্ত মঙ্গলবার সন্দেশখালি থানার পুলিশ তাঁর হদিশ পায়। গোপন সূত্রে পাওয়া তথ্যে সেই জায়গায় হানা দিয়ে পুলিশ ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে। আজ, বুধবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। তাঁর গ্রেপ্তারি ঘিরে সন্দেশখালির রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। শেখ শাহজাহান এখনও জেলবন্দি। গত কয়েক মাসে সন্দেশখালি এলাকায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছেন।
