Jammu and Kashmir: কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার! জঙ্গি হামলার আশঙ্কায় চাঞ্চল্য

Two missing policemen found dead in J&K’s Kishtwar
Two missing policemen found dead in J&K’s Kishtwar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বুধবার থেকে নিখোঁজ ছিলেন তাঁরা। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কাশ্মীরে উদ্ধার হল দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ। এই ঘটনাকে ঘিরে গোটা উপত্যকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জঙ্গি হামলার জেরেই প্রাণ হারিয়েছেন ওই দুই পুলিশকর্মী। কীভাবে এই ঘটনা ঘটল, কারা এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। 

জানা গিয়েছে, মৃত দুই পুলিশকর্মীর নাম রাশাপাল কুমার (৪০) এবং ববি চাঁদ (৫৪)। তাঁরা জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (এসওজি) সদস্য ছিলেন। পোস্টেড ছিলেন কিস্তওয়ারের দাচ্চানের কিয়ার গ্রামে। বুধবার বিকেলে তাঁরা কিয়ার ক্যাম্প থেকে ধেরনা-মারওয়াহ এলাকায় সেনার একটি পোস্টের দিকে যাচ্ছিলেন। সেই সময় মারওয়া অঞ্চলের জঙ্গলঘেরা দেহারণা এলাকায় আচমকা গুলির শব্দ পাওয়া যায়। তারপর থেকেই দুই পুলিশকর্মীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁদের খোঁজে তল্লাশি অভিযানও শুরু হয়। সূত্রের খবর, যে স্থান থেকে দুই এসপিও নিখোঁজ হয়েছিলেন, তার প্রায় ২ কিলোমিটার দূর থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। দু’জনের শরীরেই একাধিক গুলির চিহ্ন রয়েছে বলে খবর। তাঁদের সার্ভিস অস্ত্রগুলির খোঁজ হদিশ মেলেনি। মনে করা হচ্ছে, জঙ্গিরা সেগুলি নিয়ে গিয়েছে।

সূত্রের খবর, দু’জনের মাথায়, পিঠে গুলির চিহ্ন রয়েছে। জানা যাচ্ছে, দেহারণা এলাকায় গুলির শব্দ পাওয়ার পর দুই এসপিও-র মোবাইল ফোনগুলি সচল ছিল, কিন্তু পরে ফোন দু’টি বন্ধ হয়ে যায়। এরপরই উদ্বেগ বাড়ে। দীর্ঘক্ষণ তাঁদের কোনও খবর না মেলার পর শুরু হয় তল্লাশি অভিযান। অবশেষে বৃহস্পতিবার সকালে ‘ধেরনা টপ’ এলাকা থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা উপত্যকা। জঙ্গিদের খোঁজে বিশেষ অভিযান শুরু করেছে সেনা।

প্রসঙ্গত, বুধবারই জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ ক্যাম্প হামলা চালায় সন্ত্রাসবাদীরা। দুপুর ২টো নাগাদ বাইকে চড়ে ঘটনাস্থলে আসে দুই জঙ্গি। এরপর নাকা চেকিংয়ের সময় সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৩ সিআরপিএফ জওয়ান। আহতদের উদ্ধার করে অনন্তনাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজন বাংলার বাসিন্দা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…