
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে সরব হল রাজ্য সরকার। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে নিরাপত্তা সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফে অভিষেকের বিরুদ্ধে ফৌজদারি আদালত অবমাননার মামলা শুরুর আবেদন জানানো হয়। রাজ্যের আইনজীবীর দাবি, বিচারব্যবস্থার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে ‘ক্রিমিনাল কনটেম্পট’ প্রক্রিয়া শুরু করা উচিত। আইনজীবীর বক্তব্য, রাজনৈতিক সংঘাত বা মতবিরোধ রাজনৈতিক ময়দানেই সীমাবদ্ধ থাকা প্রয়োজন। সেই লড়াইয়ে দেশের বিচারব্যবস্থাকে কোনওভাবেই জড়ানো উচিত নয়। আদালতের নিরপেক্ষতা ও মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা শুধু একটি আদালতের প্রতি অসম্মান নয়, বরং গোটা বিচারব্যবস্থার উপরেই আঘাত বলে দাবি করেছে রাজ্য সরকার।
সম্প্রতি নিজের ফেসবুক পেজ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে কালীঘাটে তাঁর বাসভবনের সামনে পুলিশি রেইকি ও নজরদারির অভিযোগ তুলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অভিযোগ, সেই ভিডিওতে সাংসদ এমন কিছু মন্তব্য করেছেন, যা সরাসরি দেশের বিচারব্যবস্থা ও আদালতের মর্যাদাকে চ্যালেঞ্জ জানায়। সেই বক্তব্যের প্রেক্ষিতেই এদিন হাই কোর্টে আদালত অবমাননার অভিযোগ তোলে রাজ্য। এদিনের শুনানিতে অভিষেকের নিরাপত্তা কমানো সংক্রান্ত মূল মামলাটির রায়দান স্থগিত রাখা হলেও, সাংসদের বক্তব্য ঘিরে এজলাসে তীব্র বাদানুবাদ বাধে। সাংসদের আইনজীবী আদালতে জানান, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না বলেই তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু সেখানেও চাপ রয়েছে বলে মনে হচ্ছে। নিরাপত্তার মামলাটি যাতে না হয়, তার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। শুনানিতে তিনি আরও বলেন, আদানির মামলা করলে একদিনে শুনানি হয়ে যাচ্ছে, অথচ তাঁর মক্কেলের মামলা তিন মাস ধরে ঝুলে রয়েছে। এই প্রসঙ্গেই বিচারপতিদের একটি অংশ বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছেন বলেও মন্তব্যের প্রসঙ্গ উঠে আসে। পাশাপাশি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এবং রাজনৈতিক কর্তাদের নির্দেশেই একজন বর্তমান সাংসদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে বলেও দাবি করেন অভিষেকের আইনজীবী।
এই মন্তব্যের পরেই চরম অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণা রাও। অত্যন্ত কড়া ভাষায় তিনি অভিষেকের আইনজীবীকে নির্দেশ দেন, কোন কোন বিচারপতি বিজেপির এবং কোন কোন বিচারপতি তৃণমূলের, তার একটি পূর্ণাঙ্গ তালিকা যেন আদালতে পেশ করা হয়। বিচারপতি বলেন, “আপনার মক্কেলকে জিজ্ঞাসা করুন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন আর কারা নেই! তিনি তো নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তাঁকে বলুন একটি তালিকা দিতে, আমি তা দেখে নেব।” নিরাপত্তা মামলায় রায়দান স্থগিত রাখার পাশাপাশি সাংসদের মন্তব্য ঘিরে বিচারপতির কড়া পর্যবেক্ষণ রাজ্য রাজনীতিতে নজিরবিহীন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
