
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এবার কি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল? কুখ্যাত এই গ্যাংয়ের নাম করে তাঁকে প্রাণনাশের হু*ম*কি দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে ৭ কোটি টাকা দাবি করা হয়েছে বলেও খবর। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই হুমকির নেপথ্যে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই হুমকির খবরটি প্রথম প্রকাশ্যে আনেন তিলক নগরের আপ বিধায়ক জার্নাল সিং। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি কেজরিওয়ালের কাছে একটি ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেন। এরপরই তিনি দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর মেয়ে হর্ষিতা কেজরিওয়ালকে খুনের হুমকি দেন। জানান, ৭ কোটি না দিলে খু*ন করা হবে আপ প্রধান এবং তাঁর মেয়েকে। ঘটনার তদন্ত শুরু করেছে মোহালি পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা এবং তথ্য প্রযুক্তি আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, যে মোবাইল নম্বরটি ব্যবহার করে হুমকি দেওয়া হয়েছিল, সেটির কল রেকর্ড, ইন্টারনেট প্রোটোকল লগ এবং লোকেশন ডেটা খতিয়ে দেখা হচ্ছে। আপ বিধায়ক কেজরিওয়াল ও তাঁর পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপত্তার দাবিও জানিয়েছেন।
প্রসঙ্গত, তোলা*বা*জি-খু*ন-অ*স্ত্র-মাদক পাচারের মতো একাধিক সমাজবিরোধী কাজে বিষ্ণোই গ্যাংয়ের সক্রিয়তা ভারতের মাথাব্যথার কারণ দীর্ঘদিন ধরেই। মূলত কানাডাকে ঘাঁটি করে নিজেদের কার্যকলাপ চালায় এই গোষ্ঠীর মূল পান্ডা বলে পরিচিত লরেন্স বিষ্ণোই। সলমন খান-সহ বলিউডের একাধিক তারকাকে হুমকি, খুনের চেষ্টার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। লরেন্স বিষ্ণোই এবং তার দলবলকে ‘জঙ্গি গোষ্ঠী’ বলে আগেই ঘোষণা করেছে কানাডার জনসুরক্ষা বিভাগ। তবে কেজরিওয়ালকে খু*নের হুমকি দেওয়া ব্যক্তি আদৌ বিষ্ণোই গ্যাংয়েরই অংশ নাকি এই গ্যাংয়ের নাম করে ত্রাস ছড়ানোর চেষ্টা করছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
