Chandannagar Jagadhatri Puja: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপরতা, চন্দননগরে ডিজে-আতশবাজি নিষিদ্ধ

Chandannagar Jagadhatri Puja
Chandannagar Jagadhatri Puja

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পালাবদলের পর চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে ‘রাজ্য উৎসব’-এর স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে এই উৎসবের আয়োজনের জন্য বরাদ্দ করা হয়েছে ৫ কোটি টাকা। সরকারি স্বীকৃতি ও আর্থিক অনুদানের জেরে এবছর উৎসবের আয়োজন আরও বড় আকার নিতে চলেছে। সেই কথা মাথায় রেখেই নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে কেন্দ্রীয় পুজো কমিটি। একাধিক বিধিনিষেধ ও নির্দেশিকাও জারি করা হয়েছে। চোরবাগানের সাম্প্রতিক ঘটনার কথা মাথায় রেখে এবার চন্দননগরের কোনও পুজো মণ্ডপেই ভিআইপি প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শোভাযাত্রা ও প্রতিমা নিরঞ্জনের সময় উচ্চস্বরে ডিজে বাজানো এবং সব ধরনের আতশবাজি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঐতিহ্য, আলোকসজ্জা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার জন্য বিশ্বজুড়ে পরিচিত চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। এবছর রাজ্য উৎসবের স্বীকৃতির পর সেই উৎসবকে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে তুলে ধরাই এখন কমিটির মূল লক্ষ্য। এবার শোভাযাত্রাকে সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য এবছর এলাকাকে পাঁচটি নতুন সেক্টর বাড়ানো হয়েছে। মোট সেক্টরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ইনচার্জ। পাশাপাশি ২৫ জন সেক্টর ইনচার্জের সঙ্গে ১৭৫ জন স্বেচ্ছাসেবক মিলিয়ে মোট ২০০ জন কর্মী রাজপথে থেকে শোভাযাত্রা পরিচালনার দায়িত্ব সামলাবেন। প্রতিমা নিরঞ্জনের জন্য চন্দননগর থানার অধীনে মোট আটটি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ছয়টি ঘাট নির্দিষ্ট করা হয়েছে। নির্ধারিত ঘাটগুলিতেই প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হবে। এছাড়াও নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় পুজো কমিটি। কমিটির নির্দেশিকা অনুযায়ী, কোনও প্রকার ভিআইপি গেট বা ভিআইপি পাসের ব্যবস্থা থাকবে না এবার। শব্দদূষণ নিয়ন্ত্রণে সাউন্ড ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ মানতে হবে। ডিজে সাউন্ড সম্পূর্ণ নিষিদ্ধ। প্রতিটি পুজো মণ্ডপের ভিতরে ঠাকুরের দিকে সিসি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি শোভাযাত্রার ক্ষেত্রে একাধিক নিয়মবিধি মেনে চলতে হবে কমিটিগুলিকে। ঠাকুর নিরঞ্জন ও শোভাযাত্রার সময় প্রতিটি পুজো কমিটিকে ঠাকুরের গাড়িতে দুটি করে অগ্নিনির্বাপক সিলিন্ডার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর উদ্বোধন, পুজোর দিন কিংবা প্রতিমা নিরঞ্জনের সময় আতশবাজি পোড়ানো বা ফাটানো সম্পূর্ণ নিষিদ্ধ।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এবছরের শোভাযাত্রা সংক্রান্ত বিস্তারিত পরিকল্পনা ও নির্দেশিকা প্রকাশ করে কেন্দ্রীয় পুজো কমিটির সদস্যরা। কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ জানান, আগামী ১৯ নভেম্বর শোভাযাত্রা ও নিরঞ্জন পর্ব অনুষ্ঠিত হবে। এবছর মোট ৬৮টি পুজো কমিটির শোভাযাত্রায় অংশগ্রহণ করার কথা রয়েছে। এর মধ্যে চন্দননগর থানার অধীনে ৫৬টি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ১২টি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রায় মোট ২৪৫টি লরি অংশ নেবে। চন্দননগর থানার অধীনে ২০১টি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ৪৪টি লরি থাকবে। কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা তথা চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, “এবছর চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে ‘স্টেট ফেস্টিভ্যাল’ যে সম্মান রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন তাতে আমরা সকলেই কৃতজ্ঞ।” উল্লেখ্য, শুক্রবার অর্থাৎ ১৩ নভেম্বর চন্দননগরের সবথেকে প্রাচীন আদি মায়ের পুজোর উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিন মুখ্যমন্ত্রীর হাতেই জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতার ইডেন গার্ডেন্সের ধাঁচে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলেও জানা গিয়েছে। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…