WB Today’s Forecast: দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস, ১২ তারিখ থেকে বদলাবে আবহাওয়া

West Bengal weather update
West Bengal weather update

 

কলকাতা, ১০ নভেম্বর : হেমন্তের শুরুতে শীতের আগমনের অপেক্ষার মাঝেই ফের বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ১১ নভেম্বর পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ১২ নভেম্বর থেকে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে এবং রাজ্যজুড়ে আবহাওয়া মূলত শুষ্ক হয়ে উঠবে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ একাধিক জেলায় মেঘলা আকাশ এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রায় কিছুটা হেরফের দেখা গেলেও রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

অপরদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির মতো পাহাড়ি ও তরাই সংলগ্ন কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেখানেও ১২ নভেম্বর থেকে আবহাওয়ার উন্নতি ঘটবে এবং বৃষ্টির পরিমাণ কমে পরিস্থিতি সম্পূর্ণ শুষ্ক হয়ে যাবে। আবহাওয়াবিদদের মতে, আগামী ১২ নভেম্বরের পর বৃষ্টি বিদায় নিলেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং শুষ্ক উত্তর-পশ্চিমী বাতাসের প্রবেশের পথ সুগম হবে। এর ফলে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে রাজ্যে ভোরের দিকে শিরশিরানি ঠান্ডার অনুভূতি এবং ধীরে ধীরে পারদ পতনের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…