CM Suvendu Adhikari: হাওড়ায় ছটপুজোর মঞ্চে ‘ছটি মাইয়া কি জয়’ ধ্বনি, বাম-তৃণমূলকে নিশানা শুভেন্দুর

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ফের বাংলার ৩৪ বছরের বাম শাসন এবং ১৫ বছরের তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বামেদের নাস্তিকতার রাজনীতি এবং তৃণমূলের ‘জামাত-প্রীতি’কে আক্রমণের নিশানা করে তাঁর অভিযোগ, অতীতের সরকার পুজো-অর্চনার ক্ষেত্রেও বিভাজনের রাজনীতি করত। এমনকী ভাষার অজুহাত তুলে সনাতনীদের মধ্যেও বিভেদ তৈরির চেষ্টা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। বৃহস্পতিবার ছটপুজোর প্রাক্কালে হাওড়ার কাজিপাড়ায় একটি অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। ছটের আগে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আগের তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু। তিনি বললেন, “আগের সরকারের একটাই কাজ ছিল, ভাষার নামে সনাতনীদের মধ্যে বিভেদ তৈরি করা। বিহার, উত্তরপ্রদেশ, মারাঠিদের সব বহিরাগত বলত। আর বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জামাই আদর করত।” শুভেন্দুর প্রশ্ন, “তৃণমূলের কোনও নেতা তো মুসলিমদের মধ্যে উর্দুভাষী, বাংলাভাষীদের ভাগ করত না। শুধু বিজেপিকে বলত অবাঙালিদের পার্টি।” 

তৃণমূলকে বিঁধে মুখ্যমন্ত্রীর অভিযোগ, ১৫ বছর ধরে বাংলার পরম্পরা, ঐতিহ্য সব নষ্ট করেছে। পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরোত। রামনবমীতে মিছিলে পাথর ছুঁড়ত।” শুভেন্দুর দাবি, সংখ্যালঘুরাও যে এখন সরকারের পক্ষে সেটা স্পষ্ট হয়েছে নন্দীগ্রাম এবং রেজিনগরের ফলে। বাংলায় মৌলবাদ-জঙ্গিবাদের জায়গা নেই। মুখ্যমন্ত্রী বললেন, “ওরা পুজোর মধ্যেও বিভেদ করত। বলত ছট বিহারের, রামনবমী উত্তরপ্রদেশের, ছট বিহারের। আজ গোটা বিশ্বের সনাতনীরা একসঙ্গে সব পুজো করছে। সনাতনীরা দুর্গাপুজোও করছে, জগদ্ধাত্রী পুজোও করছে, রামনবমীও করবে, ছটপুজোও করছে।” বস্তুত ২০২১ সালের নির্বাচনে বহিরাগত তত্ত্ব তুলে বিজেপিকে পরাস্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ছাব্বিশে তাঁর সেই অস্ত্রও বিফলে গিয়েছে। সে কথা মনে করিয়ে শুভেন্দু বলেন, “যারা বিভাজন করতে চেয়েছিল, তাঁদের সবাইকে ভেঙে দিয়েছি।”  মুখ্যমন্ত্রীর অভিযোগ, এতদিন সনাতনীদের মধ্যে ভাষার নামে বিভেদ তৈরি করে ১৫ বছর শাসন করেছে। ২০-৩০ হাজার কোটি টাকা দেশের বাইরে পাঠিয়েছে। মুখ্যমন্ত্রীর সাফ কথা, “কাউকে ছাড়ব না। সবাইকে জেলে ঢোকাব। সবে ৬ মাস হয়েছে। আরও অনেক কিছু দেখা বাকি।” শুভেন্দুর হুঁশিয়ারি, “কমিউনিস্ট এবং জামাতি সবাইকে শেষ করব। কাউকে মাথা তুলে দাঁড়াতে দেব না।” তাৎপর্যপূর্ণভাবে ভাষণ শেষের আগে ৩ বার ছটি মাইয়া কি জয় বলতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।   

সরকারি জমি দখল করে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বিলাসবহুল বাড়ি নির্মাণের অভিযোগে এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়ার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত পুষ্পা ওরফে জাহাঙ্গির খানের নাম উল্লেখ করে কড়া বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, দখল হয়ে যাওয়া ওই জমি উদ্ধার করে সেখানে গরিব মানুষের জন্য আবাস যোজনার বাড়ি তৈরি করা হবে। শুধু জাহাঙ্গির খানই নন, সন্দেশখালির একসময়ের প্রভাবশালী নেতা তথা বর্তমানে ধৃত শেখ শাহজাহানের ভবিষ্যৎ নিয়েও কড়া ইঙ্গিত দেন শুভেন্দু। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, “এই সরকার কাউকে ছাড়বে না।” ছটপুজোর অনুষ্ঠানে এদিন জাহাঙ্গির খানকে একহাত নেন তিনি। শুভেন্দু বলেন, ” ফলতায় কী চলছে সবাই দেখতে পাচ্ছেন তো? সরকারি জমিতে ১০ কোটি টাকার আলিশান বিল্ডিং বানিয়েছিল। পুষ্পা, বলেছিল ‘ঝুঁকেগা নেহি! কড়া ব্যবস্থা নেওয়া হবে।” শুধু তাই নয়, ওই সরকারি জমিতে আগামিদিনে স্থানীয় গরিব মানুষের জন্য আবাস যোজনার কাজ হবে বলেও ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুধু ফলতা নয়, সন্দেশখালির সরবেড়িয়াতও একই কাজ হবে বলে হুঁশিয়ারি তাঁর। সরাসরি শেখ শাহজাহানের নাম নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ”শাহজাহানের জমিও উদ্ধার করে মাছ মার্কেট তৈরি হবে। এটা সবে শুরু। আগামিদিনে অনেক কিছু হবে। দেখে নেবেন।”

বলে রাখা প্রয়োজন, নাড্ডার কনভয়ে হামলা, ভোট পরবর্তী হিংসার মামলা-সহ একাধিক অভিযোগে বর্তমানে জেলে জাহাঙ্গির। এদিকে বুধবার সকাল থেকে ফলতার শ্রীরামপুর এলাকায় তাঁর বিলাসবহুল বাড়ি ভাঙার কাজ শুরু করেছে প্রশাসন। অভিযোগ, সরকারি জমি দখল করে ওই বাড়ি তৈরি করেছিলেন ধৃত অভিষেক ঘনিষ্ঠ ওই নেতা। এরপরেই প্রশাসনের তরফে নোটিস দিয়ে জাহাঙ্গিরকে স্পষ্ট জানানো হয়েছিল, সাতদিনের মধ্যে ওই বাড়ি ভেঙে ফেলতে হবে। কিন্তু নির্দিষ্ট সেই সময় পেরিয়ে গেলেও তা ভাঙা হয়নি বলে অভিযোগ। এরপরেই শুরু হয়েছে বুলডোজার অ্যাকশন। এমনকী আজ বৃহস্পতিবারও সকাল থেকে চলছে বাড়ি ভাঙার কাজ। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। দীর্ঘ ১২ বছর ধরে হাওড়া পুরসভায় নির্বাচন না হওয়ায় নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। আর এই নির্বাচন প্রক্রিয়া আটকে রাখার জন্য বিরোধীদেরই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়ার কাজিপাড়ার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, নির্ধারিত সময়ের মধ্যে পুর নির্বাচন সম্পন্ন করা সম্ভব না হলে হাওড়ার প্রতিটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করবে রাজ্য সরকার। তবে এই দায়িত্বে সরকারবিরোধী কাউকে রাখা হবে না বলেও জানিয়ে দেন তিনি। তাঁর ঘোষণা, আগামী ১ ডিসেম্বর থেকেই হাওড়ার ওয়ার্ডগুলিতে কো-অর্ডিনেটর নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। 

শুভেন্দু এদিন জানান, বছরের পর বছর সরকারি আধিকারিকদের দিয়ে পুরসভা চালানো যায় না। তাঁদের কিছু লিমিটেশন রয়েছে। রাজ্যে পালাবদলের পরই নতুন সরকার ডিলিমিটেশন করে হাওড়া ও কলকাতা পুরসভার নির্বাচন করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু নির্বাচনে বাধা দিতে হাই কোর্টে গিয়েছে বিরোধীরা। যাঁদের জামানত বাজেয়াপ্ত হবে তাঁরাই নির্বাচনে বাধা দিচ্ছে। তাঁর হুঁশিয়ারি, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবেন তিনি। আর সময়মতো নির্বাচন না হলে ১ তারিখ থেকে হাওড়ার ওয়ার্ডগুলিতেও কো-অর্ডিনেটর বসানো হবে। ১২ বছর ধরে হাওড়ার বাসিন্দারা পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। তা সত্ত্বেও নির্বাচনে বাধা দিচ্ছে বিরোধীরা। শুভেন্দুর কথায়, “কো-অর্ডিনেটর হিসেবে তাঁকেই নিয়োগ করব যিনি সরকারে পাশে থাকবে, সরকারের বিরোধিতা করবেন না।” 

এর আগে কলকাতা পুরসভায় পুনর্বিন্যাস হওয়া ২০৯টি ওয়ার্ডেই দলীয় পছন্দের লোকদের কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সেই ‘প্রস্তাব’-এ সিলমোহর দেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “ভোটের মতো পরিস্থিতি না থাকলে বিকল্প চিন্তা করতেই হবে।” তিনি আরও বলেন, “বামেদের পার্টি অফিস থেকে কাউকে বা তৃণমূলের প্রতিষ্ঠিত চিহ্নিত দুর্নীতিগ্রস্তদের তো বসাতে পারব না। আমাদের নেতারাই কো-অর্ডিনেটর হবেন।” এই বিষয়ে আরও একবার স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দেন, কলকাতার পাশাপাশি হাওড়া পুরসভার ওয়ার্ডগুলিতেও ১ ডিসেম্বর থেকে বসবে কো-অর্ডিনেটর। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…