CM Suvendu Adhikari: ভুয়ো উপভোক্তাদের রেয়াত নয়, আবাসের টাকা ফেরাতে সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী

CM Suvendu Adhikari on Awas Yojana
CM Suvendu Adhikari on Awas Yojana

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যের গ্রামীণ আবাসন প্রকল্প ‘বাংলার বাড়ি’তে স্বচ্ছতা বজায় রাখতে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটছে সরকার। পূর্বতন তৃণমূল সরকারের আমলে এই প্রকল্পের আওতায় যাঁরা ভুয়ো উপভোক্তা হিসেবে আর্থিক সুবিধা পেয়েছেন, তাঁদের কাছ থেকে সেই টাকা ফেরত নেওয়ার জন্য পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি নির্দেশ অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্টদের টাকা ফেরত দিতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে টাকা ফেরত না এলে জানুয়ারি মাস থেকেই তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রক্রিয়া শুরু করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে আবাস যোজনায় আর্থিক অনিয়মের অভিযোগে কড়া অবস্থানের বার্তা দেওয়া হয়েছে। 

সূত্রের খবর, ‘বাংলার বাড়ি’ প্রকল্পের তথ্য যাচাই পর্বে ইতিমধ্যে রাজ্যে ১২ হাজারের বেশি ভুয়ো উপভোক্তার সন্ধান মিলেছে, যাঁরা কোনওভাবেই গ্রামীণ গরিব মানুষের জন্য আবাস যোজনার টাকা পাওয়ার যোগ্য নন। তাঁদের অনেকেরই নিজস্ব পাকা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল জমানায় তাঁরা এক বা একাধিকবার টাকা তুলেছেন। অনেকে টাকা নিয়ে বাড়ি করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এ ভাবে অপচয় বা দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিল। রাজ্য সরকার সদুত্তর দিতে না–পারায় ২০২২–এর ৯ মার্চ থেকে পশ্চিমবঙ্গকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অর্থ দেওয়া বন্ধ করেছিল কেন্দ্র। তৃণমূল সরকার তখন রাজনৈতিক ভাবে এর মোকাবিলা করতে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে ‘বাংলার বাড়ি’ নামে একটি প্রকল্প ঘোষণা করে।

রাজ্যের নিজস্ব কোষাগার থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার সমপরিমাণ ১ লক্ষ ২০ হাজার টাকা বিলি করা হয়। রাজ্যে বিজেপি সরকার গড়ার পরে এই প্রকল্পের নাম বদলে রাখা হয় ‘পশ্চিমবঙ্গ আবাস’। কেন্দ্রীয় সরকারও প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবার টাকা বরাদ্দ করেছে। গত ১৪ জুলাই নবান্নে এসে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নতুন করে এক লক্ষ বাড়ির জন্য অর্থ মঞ্জুর করে যান। আজ, শুক্রবার রাজ্য সরকার পশ্চিমবঙ্গ আবাস যোজনায় আরও সাত লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা তুলে দেবে। নবান্ন সভাঘরে এক অনুষ্ঠানে মুখমন্ত্রীর এই টাকা তুলে দেওয়ার কথা। রাজ্যে পালাবদলের পরে প্রথম পর্যায়ে যাচাই প্রক্রিয়া শেষে ১০ লক্ষ ২০ হাজারের বেশি উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এ বার আরও প্রায় সাত লক্ষের উপভোক্তার যাচাই প্রক্রিয়া শেষ হয়েছে। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। 

বর্তমানে বাড়ি তৈরির সামগ্রীর দাম আকাশছোঁয়া। সেই কথা স্বীকার করে মুখ্যমন্ত্রী জানান, “বালি, রড়, সিমেন্টের দাম অনেক। সে কথা আমরা জানি। এই টাকায় সবটা সম্ভব না। জেলাশাসকদের বলব যাঁরা এই প্রকল্প ও প্রধানমন্ত্রী আবাস যোজনায় বালি কিনবে তার দাম ১২০০ টাকার বেশি যেন না হয়।” আরও জানানো হয়েছে প্রায় ৩০ হাজার টাকা অতিরিক্ত পাবেন উপভোক্তারা। পাশাপাশি জেলাশাসক ও বিডিওদের বলা হয়েছে, উপভোক্তারা সম্মতি প্রকাশ করলে পিএম সূর্য ঘর যোজনার সঙ্গে তাঁদের যুক্ত করতে। ১০০ ইউনিটে ৩০ হাজার টাকা, ২০০ ইউনিটে ৬০ হাজার টাকা, ৩০০ ইউনিটে ৭৮ হাজার টাকা ছাড় মিলবে। যাঁরা তফসিলি জনজাতি ও তফসিলি উপজাতিদের অতিরিক্ত ১৫ হাজার টাকা সাবসিডি দেবে রাজ্য সরকার। পাশাপাশি আরও কিছু সুবিধা যাতে দেওয়া যায় সেই দিকটিও দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…