
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আসল তৃণমূলের পরিচয় ও দলীয় স্বীকৃতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে দুই পক্ষের লড়াই এখনও অব্যাহত। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নিজেদের দাবির স্বপক্ষে একের পর এক নথি ও হলফনামা জমা দিচ্ছে দিল্লির নির্বাচন কমিশনে। এরই মধ্যে গত মাসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তাঁদের পাঠানো নথিভর্তি একটি ট্রাক হরিয়ানায় লুট করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে কালীঘাটের তৃণমূলের হাত রয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। এবার একই ধরনের আশঙ্কা প্রকাশ করে সরাসরি নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আইনজীবীর মাধ্যমে কমিশনকে চিঠি পাঠিয়ে তাঁদের জমা দেওয়া নথিপত্র লোপাট হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি এদিন তাঁর বাড়ির একটি অংশ বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ঘটনাও চিঠিতে উল্লেখ করেছেন বলে খবর।
গত কয়েকদিন ধরেই অভিষেকের কালীঘাটের বাড়ির আশপাশে লোকজনের সন্দেহজনক গতিবিধি দেখা যাচ্ছিল। এনিয়ে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাপ্রকাশ করে বারবার এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন। তাতে তিনি কলকাতা পুলিশের কাজ নিয়েও প্রশ্ন তোলেন। এসবের মাঝে বৃহস্পতিবার সকালে তাঁর কালীঘাটের বাড়ির একাংশ, যা পুরসভা বেআইনি বলে চিহ্নিত করেছিল, তা ভেঙে ফেলা হয় বুলডোজারের মাধ্যমে। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের আইনজীবী অর্ককুমার নাগের মাধ্যমে নির্বাচন কমিশনে চিঠি পাঠান। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও দুই কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীকে লেখা চিঠিতে তাঁর আশঙ্কা, কমিশনে জমা দেওয়ার জন্য মমতা তৃণমূল যে যাবতীয় নথি-হলফনামা প্রস্তুত করেছে, সেসব লুটের চক্রান্ত হচ্ছে। এ প্রসঙ্গে ৬ থেকে ১১ নভেম্বর পর্যন্ত তাঁর বাড়ির আশপাশে সন্দেহভাজনদের গতিবিধির কথা উল্লেখ করে নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।
এর আগে গত ২৬ অক্টোবর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে পোস্ট করে তাঁদের নথি লুটের অভিযোগ করেছিলেন। হরিয়ানা কাছে কোথাও তাঁদের ট্রাকভর্তি নথি ছিনতাই হয় বলে অভিযোগ তোলা ঋতব্রতর নিশানায় ছিল কালীঘাট তৃণমূল। আর অভিষেক লুটের আশঙ্কা প্রকাশ করে সরাসরি নির্বাচন কমিশনেই চিঠি লিখলেন।
