
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশে পেট্রল ও ডিজেলের সরবরাহ ঘিরে যে সংকট তৈরি হয়েছিল, তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারকে কার্যত যুদ্ধকালীন তৎপরতায় একাধিক পদক্ষেপ করতে হয়েছিল। কেন্দ্রের দাবি, সরকারের সময়োচিত হস্তক্ষেপ ও লাগাতার নজরদারির কারণেই আন্তর্জাতিক সংঘাতের প্রভাব ভারতের জ্বালানি বাজারে বড় আকার নিতে পারেনি। শুধু তাই নয়, বিশ্বের একাধিক দেশের তুলনায় ভারতে পেট্রল ও ডিজেলের দামও অপেক্ষাকৃত কম বেড়েছে বলে দাবি করে আসছে মোদি সরকার। এবার সেই পরিস্থিতি মোকাবিলায় সরকারের সাফল্যের কৃতিত্ব সরাসরি নিজের কাঁধে তুলে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে পেট্রল সংকট সামাল দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের ভূমিকার কথা তুলে ধরে সাফল্যের দাবি করলেন তিনি।
প্রধানমন্ত্রী বললেন, বিশ্বজুড়ে জ্বালানি তেলের সংকটের মধ্যেও ভারতের বাজারে যে তেলের দাম বাড়েনি, সেটার জন্য প্রতিদিন মূল্য দিতে হচ্ছে সরকারকে। বৃহস্পতিবার এক বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত কিষান সম্মেলনে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিলেন, যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম যে পরিমাণ বেড়েছে, সেটা যদি সরাসরি আমজনতার কাছ থেকে তোলা হত, তাহলে ডিজেলের দাম লিটারপ্রতি ৫০ টাকা পর্যন্ত বেড়ে যেত। কিন্তু সরকার সেই বোঝা আমজনতার উপর পড়তে দেয়নি। লিটারপ্রতি ৪৩ টাকা করে মূল্যবৃদ্ধি স্রেফ হজম করে নিয়েছে। প্রধানমন্ত্রী বললেন, “ভারত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। আমরা সেসময় ডিজেলের দাম লিটারপ্রতি ৫০ টাকা করে বাড়ানোর মতো পরিস্থিতিতে পড়ে যাই। কিন্তু সরকার সেই আন্তর্জাতিক চাপ কৃষকদের উপর চাপায়নি। আমরা সিদ্ধান্ত নিই, এই সব চাপ কোনওভাবেই আমজনতার উপর পড়তে দেব না। তারপর মাত্র ৭ টাকা দাম বাড়ানো হয়, ৪৩ টাকা আমরা নিজেরা মিটিয়েছি।” প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই অতিরিক্ত দামের বোঝা বইতে গিয়ে মাসে অন্তত ১৪ হাজার কোটি টাকা করে এখনও ক্ষতি হচ্ছে কেন্দ্রের। এই মুহূর্তে ইরান এবং আমেরিকা যুদ্ধের তীব্রতা কম। ইতিমধ্যেই দু’দেশের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে। হরমুজ দিয়েও এখন জাহাজ চলাচলে বিশেষ বাধা নেই। একটা সময় যে অশোধিত তেলের দাম ব্যারেলপিছু ১১০ ডলার পর্যন্ত উঠে গিয়েছিল সেটাই এখন কমে ৭০-৭৫ ডলার। তবে সরকারের দাবি, সংকট সামাল দিতে বেশ ভালোরকম কাঠখড় পোড়াতে হয়েছে তাদের।
এদিন নিজের বক্তব্যে মোদি কৃষকদের রাসায়নিকমুক্ত চাষাবাদের আহ্বান জানান। এইসঙ্গে জৈব চাষ ও প্রাকৃতিক চাষের পার্থক্যও তুলে ধরেন। জোর দিয়ে বলেন, নির্দিষ্ট করে প্রাকৃতিক চাষের কথাই বলছেন তিনি। আবেগঘন ভাষায় প্রধানমন্ত্রী বলেন, “যেভাবে আমরা রাসায়নিক পদার্থ ব্যবহার করছি, তা ধরিত্রী মাকে খুন করার শামিল। আমরা তো তারই সন্তান। অথচ আমাদের চোখের সামনেই নিজেদের মাকেই হত্যা করছি!” অতীতেও বিভিন্ন অনুষ্ঠান ও সভাস্থলে বারবার প্রাকৃতিক কৃষির পক্ষে সওয়াল করেছেন মোদি। সতর্ক করেছেন, কৃষি জমিকে রাসায়নিকের ক্ষতির হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হলে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনব। এদিন ভারত মণ্ডপমের দুই দিনব্যাপী সম্মেলনে অন্তত ২,০০০ কৃষক, কৃষি বিজ্ঞানী এবং শিল্প প্রতিনিধিরা সমবেত হয়েছিলেন। তাঁদের সামনেই প্রাকৃতিক চাষের আহ্বান জানান মোদি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে সার আমদানি ব্যাহত হয়েছে। এরপরও কৃষকদের জন্য রাসায়নিক সার সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার যে বিপুল অর্থ ব্যয় করেছে, এই বিষয়ে আলোচনার পরপরই প্রধানমন্ত্রী রাসায়নিক সার ব্যবহার সতর্কবার্তা দেন। তিনি জানান, গত ১২ বছরে সরকার সারের ভর্তুকি বাবদ ১৬ লক্ষ কোটি টাকা ব্যয় করেছে কেন্দ্র। যাতে করে কৃষি উপকরণের ক্রমবর্ধমান খরচের বোঝা থেকে কৃষকদের রক্ষা করা যায়।
সরকারি ভর্তুকির কথা বলার পাশাপাশি এমন কিছু প্রযুক্তির কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী, যা কৃষকদের তাঁদের জমিতে ঠিক কী পরিমাণ সার প্রয়োজন, তা নির্ধারণ করতে সাহায্য করবে। এদিনের বক্তব্যে তাঁর অন্তিম আহ্বানটি কেবল রাসায়নিক সার ব্যবহার কমানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং কৃষকদের প্রাকৃতিক চাষে উদ্বুদ্ধ করেন তিনি। উল্লেখ্য, চার মাস আগেই ভারতের কৃষিখেতে ব্যবহৃত অত্যন্ত বিষাক্ত আগাছানাশক ‘প্যারাকোয়াট’-কে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। বিশ্বের ৭০টিরও বেশি দেশে ইতিমধ্যে এই রাসায়নিকটিকে নিষিদ্ধ করা হয়েছে।
Speaking at the Bharat Agriculture Conference. @IndiaToday @aajtak https://t.co/zSM5kaRsvi
— Narendra Modi (@narendramodi) November 12, 2026
