Howrah Municipal Election : হাওড়ায় পুরভোটের আগে নতুন জট! ডিলিমিটেশন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ সিপিএম নেতা

High Court Over Howrah Ward Delimitation
High Court Over Howrah Ward Delimitation

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়া নিয়ে এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন এক সিপিএম নেতা। বৃহস্পতিবার দুপুরে হাই কোর্টে মামলা দায়ের করেন হাওড়া পুরসভার প্রাক্তন সিপিএম মেয়র পারিষদ এবং বিধানসভা নির্বাচনে মধ্য হাওড়ার প্রার্থী আইনজীবী ইমতিয়াজ আহমেদ। তবে এই মামলা দলের পক্ষ থেকে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগেই করেছেন বলে জানিয়েছেন তিনি। ইমতিয়াজের অভিযোগ, ডিলিমিটেশন প্রক্রিয়ায় নির্ধারিত নিয়মকানুন মানা হচ্ছে না। তাঁর বক্তব্য, আগের সরকার হাওড়া ও বালিকে একত্রিত করার পর ফের আলাদা করেছিল। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রেও নিয়ম মেনে কাজ করা হচ্ছে না। একইসঙ্গে তাঁর দাবি, তাঁরা নির্বাচন চান এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হওয়াকে স্বাগত জানান। 

বৃহস্পতিবার সকালে হাওড়ায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন কলকাতার মতো হাওড়াতেও ভোট না হলে কো-অর্ডিনেটর বসানো হবে। মুখ্যমন্ত্রী একথা বলে যাওয়ার পরই এদিন দুপুরেই কলকাতা হাই কোর্টে হাওড়া পুরনিগম নিয়ে মামলা হল। এদিন সন্ধ্যায় ইমতিয়াজ জানান, হাওড়া পুরনিগমের আইন অনুযায়ী, বোর্ড না থাকলে এভাবে আচমকা ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ডিলিমিটেশন করা যায় না। অথচ দেখা যাচ্ছে, হাওড়া পুরসভায় ৫০টি ওয়ার্ডকে বাড়িয়ে ৬৮টি করা হয়েছে। শুধু তাই নয়, এই ওয়ার্ড সংখ্যা বাড়ানোর জন্য জনসংখ্যার বিন্যাসকে ভিত্তি করা হয়নি বলেও অভিযোগ তুলেছেন ইমতিয়াজ। বেআইনিভাবে ডিলিমিটেশন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। আগামী সপ্তাহে মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। 

উল্লেখ্য, কলকাতা ও হাওড়ার ভোট নিয়ে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সুপ্রিম কোর্টে যাচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি কলকাতা পুরনিগমে কো-অর্ডিনেটর বসানোরও কথা বলেছিলেন। একই কথা বলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তবে শমীক এই পদ্ধতিকে শেষ রাস্তা হিসাবে মেনেছেন। এবার বৃহস্পতিবার হাওড়ায় গিয়েও মুখ্যমন্ত্রী কো-অর্ডিনেটর বসানোর কথা বলেছেন। তারপরই মামলা করলেন হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ ইমতিয়াজ আহমেদ। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…