Suvendu Adhikari | ৩১ ডিসেম্বরের মধ্যে CAA সার্টিফিকেট’, ঠাকুরনগর থেকে মতুয়াদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্বের আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে CAA-র আওতায় জমা পড়া আড়াই লক্ষ আবেদনের শুনানি শেষ করে যোগ্য আবেদনকারীদের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন তিনি। রবিবার ঠাকুরনগরে গোঁসাই পরিষদ আয়োজিত ‘আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলন ২০২৬’-এ যোগ দিয়ে এই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, CAA-র শংসাপত্র পাওয়ার পর যাঁরা ভোটার তালিকায় নাম তুলতে চান, তাঁদের প্রয়োজনীয় নথি তৈরি ও আবেদন প্রক্রিয়ায় রাজ্য সরকার সাহায্য করবে বলেও জানান তিনি। জানুয়ারি মাসে ভোটার তালিকা সংশোধনের সময় এই উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শুভেন্দু।

এ দিন গোঁসাই সম্মেলনে শুভেন্দু বলেন, ‘ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা নবান্ন সভাগৃহে সব জেলার ডিএমদের নিয়ে ওয়ার্কশপ করেছেন। আলোচনা করে গাইডলাইন দিয়ে দিয়েছিলেন। আড়াই লক্ষ পিটিশনার আছে। ৩১ ডিসেম্বরে মধ্যে শুনানি শেষ করে সবাইকে CAA-তে আমরা সার্টিফিকেট প্রদান করব। চিন্তা করবেন না।’

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) করা হয়। নাগরিকত্ব না থাকার কারণে অনেকেই ভোটার তালিকায় নাম তুলতে পারেননি। CAA সার্টিফিকেট পেলেই সেই সমস্যার সমাধান হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘জানুয়ারি মাসে ভোটার তালিকা রিভিশনের সময়ে ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করব। যাঁরা CAA সার্টিফিকেট পেয়ে যাবেন, তাঁরা প্রত্যেকেই আবেদন করবেন। আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হবে। যাতে প্রত্যেকেই ভোটাধিকার পান।’নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে এ দিন পূর্বতন সরকার ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন শুভেন্দু। তাঁর কথায়, ‘একজন মুখ্যমন্ত্রী CAA-র বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন, ক্যা ক্যা ছিঃ ছিঃ। তিনি অন্যায় করেছিলেন বলে ঠাকুর গণতান্ত্রিক ভাবে তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে।’ মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের প্রায় ৭০টি মতুয়া অধ্যুষিত আসনে বিজেপির প্রার্থীর জয়যুক্ত হয়েছেন। মতুয়াদের দাবি মতো, একাধিক উন্নয়নমূলক কাজ করবে এই সরকার।

মুখ্যমন্ত্রী জানান, মতুয়া বোর্ড পুনর্গঠন করে এই অর্থবর্ষে মতুয়াদের বিশেষ উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা দেবে রাজ্য সরকার। গোঁসাই সমাজের কল্যাণে নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত গ্রহণ করতে পারে মতুয়া বোর্ড। এর পাশাপাশি চাঁদপাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভোলবদল-সহ একাধিক উন্নয়নের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…