
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বন দপ্তরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা অজিত মাহাতো। বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাঁকে আদালতে পেশ করার কথা রয়েছে। চাকরির নামে প্রতারণার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকার বাসিন্দা সজল দাস অজিত মাহাতোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, অজিত মাহাতো নিজের রাজনৈতিক প্রভাব এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে বন দপ্তরে স্থায়ী চাকরির আশ্বাস দেন। অভিযোগকারী ২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে চার দফায় মোট ১০ লক্ষ টাকা অভিযুক্তকে দেন বলে খবর। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও সজলের চাকরি হয়নি। এক পর্যায়ে তিনি টাকা ফেরত চাইলেও লাভ হয়নি।
অভিযোগকারীর দাবি, টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্ত তাঁকে প্রাণনাশের হুমকি দেন। অতিরিক্ত আরও ২ লক্ষ টাকা দাবি করেন। শুধু তাই নয়, অভিযোগকারী আরও জানিয়েছেন, একই কায়দায় সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক বেকার যুবকের কাছ থেকেও অর্থ আদায় করেছেন অজিত। মামলার তদন্তে নেমে ঝাড়গ্রাম থানার পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযুক্ত অজিত মাহাতোকে তাঁর নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে। এই প্রতারণা চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
