
গেবেখা (দ:আ:), ২৩ অক্টোবর : ট্রাভিস হেডের সেঞ্চুরি ও নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ডের ১৬৬ বলের ইনিংসেও শেষ পর্যন্ত ইনিংস হার এড়াতে পারল না অস্ট্রেলিয়া। গেবেখা টেস্টে স্মরণীয় এক জয় পেল দক্ষিণ আফ্রিকা। ইনিংস ও ৩১ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরাল টেম্বা বাভুমার দল।
প্রথম দুই দিনে ম্যাচের বেশির ভাগটা সময় নষ্ট হওয়ার পরেও ম্যাচে নিষ্পত্তি হল। অথচ ম্যাচের শুরুতে ধুকতে থাকা দক্ষিণ আফ্রিকাই ম্যাচটা জিতে নিল ইনিংস ও ৩১রানে। যা সম্ভব হয়েছে অধিনায়ক বাভুমার ৫৫২ মিনিট স্থায়ী ১৭৯ রানের দুর্দান্ত ইনিংসের সঙ্গে মার্কো ইয়ানসেন ও সাইমন হার্মারের অবদানে। স্বাগতিকরা প্রথম ইনিংসে করে ৪২৫ রানে।
উইকেটে নিচু বাউন্স আর সিম মুভমেন্টের কারণে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারেনি। প্রথম ইনিংস তারা গুটিয়ে যায় মাত্র ৯৯ রানে। অস্ট্রেলিয়াকে ফলো-অন করানোর সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শেষ দিনের শেষ সেশনে সফরকারীদের দ্বিতীয় ইনিংস থামে ২৯৫ রানে।
ব্যাট হাতে ১০০ বলে ৮৫ রানের পর প্রথম ইনিংসে পাঁচটিসহ ম্যাচে ৬ উইকেট শিকার করেন ইয়ানসেন। চোট কাটিয়ে ফেরার ম্যাচে দ্বিতীয় ইনিংসে চারটিসহ ম্যাচে ৬ উইকেট নেন কাগিসো রাবাদা। সেঞ্চুরিয়ান হেড ও নাইটওয়াচম্যান হিসেবে নেমে ১৬৬ বল খেলা বোল্যান্ডকে ফিরিয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন ভিয়ান মুল্ডার। ম্যাচ সেরার পুরস্কার জেতেন বাভুমা। সিরিজের ফয়সালা হবে আগামী মঙ্গলবার শুরু কেপ টাউন টেস্টে।
