
কলকাতা, ১৬ অক্টোবর : আবহাওয়া দফতরের পূর্বাভাস, স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির কারণে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। ষষ্ঠীর দিন অর্থাৎ শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে, দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এ ছাড়াও হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার প্রথম সপ্তমীতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার দ্বিতীয় সপ্তমীতে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার অষ্টমী থেকে পশ্চিমের জেলাগুলিতে হেমন্তের আবহাওয়া ফিরবে।
অন্যদিকে, উত্তরবঙ্গে শুক্রবার ও শনিবার কয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের উপরের জেলাগুলিতে ষষ্ঠীতে শুক্রবার ও প্রথম সপ্তমীতে শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় সপ্তমী অর্থাৎ রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া ফিরবে। আকাশ পরিষ্কার হবে।
