
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে বারবার ডিম ছোড়ার ঘটনার অভিযোগে সাংসদ মহুয়া মৈত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ। বুধবার মামলার শুনানিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে পক্ষভুক্ত করার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতির নির্দেশ, বৃহস্পতিবারের মধ্যেই মামলায় স্বরাষ্ট্রমন্ত্রককে যুক্ত করতে হবে। আগামী ২ ডিসেম্বর ফের এই মামলার শুনানি হওয়ার কথা।
কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। অভিযোগ, নিজের লোকসভা কেন্দ্রে বারবার হামলার মুখে পড়তে হচ্ছে তাঁকে। কখনও তাঁকে লক্ষ্য করে ডিম হামলা করা হচ্ছে। আবার কখনও গাড়িতে যাতায়াতের সময়েও হেনস্তার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ মমতাপন্থী এই সাংসদের। শুধু তাই নয়, অনেক সময় পুলিশের সামনেই এহেন হামলার মুখে তাঁকে পড়তে হচ্ছে বলে অভিযোগ। এরপরেই পুলিশের নিরাপত্তা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মহুয়া। তাঁর লোকসভা কেন্দ্র অর্থাৎ কৃষ্ণনগরে তাঁকে যাতে পুলিশের নিরাপত্তা দেওয়া হয়, সেই আবেদন জানানো হয়।
যদিও এই মামলায় আগেই মহুয়া মৈত্রকে পুলিশের নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। কিন্তু এরপরেও তাঁর উপর হামলা হচ্ছে বলে অভিযোগ। এহেন পরিস্থিতিতে সর্বক্ষণের পুলিশের নিরাপত্তা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন কালীঘাটপন্থী। সেই মামলার শুনানিতে রাজ্যের বক্তব্য জানতে চান বিচারপতি। কী কী নিয়ম মেনে একজন সাংসদকে নিরাপত্তা দেওয়া হয়, সেই সংক্রান্ত তথ্যও তলব করে হাই কোর্ট। আজ, বুধবার সেই রিপোর্ট জমা পড়ে। শুধু তাই নয়, এই বিষয়ে রাজ্যের আইনজীবী আদালতকে জানান, মহুয়া মৈত্র বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ম মেনেই নিরাপত্তা দেওয়া হচ্ছে। এমনকী ইয়েলো বুক মেনেই এক্স ক্যাটাগরির নিরাপত্তাও দেওয়া হচ্ছে বলে জানায় রাজ্য।
যদিও মহুয়া মৈত্রের আইনজীবীর দাবি, একজন পিএসও থাকলেও, তিনি সর্বক্ষণ থাকেন না। বারবার হামলার মুখে পড়তে হচ্ছে। এই কারণেই অতিরিক্ত নিরাপত্তার আবেদন মহুয়া মৈত্র জানিয়েছেন বলে দাবি তাঁর আইনজীবীর। এমনকী নিরাপত্তার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রক জানাতে পারবে বলেও দাবি করা হয়। এরপরেই মহুয়ার নিরাপত্তা সংক্রান্ত মামলায় স্বরাষ্ট্রমন্ত্রককে যুক্ত করার নির্দেশ হাই কোর্টের।
