kolkata

1 hour ago

Bikash ranjan Bhattacharya Attack: সাতসকালে বিকাশরঞ্জনের বাড়িতে ইটবৃষ্টি! ভাঙল জানলার কাচ-সিসিটিভি, বন্দুকের লাইসেন্স চাইলেন বর্ষীয়ান আইনজীবী

Advocate and cpim leader bikash ranjan bhattacharya house Attack
Advocate and cpim leader bikash ranjan bhattacharya house Attack

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সাতসকালে দুষ্কৃতীদের হামলার অভিযোগ বর্ষীয়ান সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে। বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি ইট ছোড়া হয় বলে অভিযোগ। হামলার জেরে বাড়ির একের পর এক জানলার কাচ ভেঙে যায়। এমনকি বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরাতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ প্রাক্তন সাংসদের। শুধু ভাঙচুর নয়, তাঁকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ বিকাশরঞ্জন ভট্টাচার্যের। সকালে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর থানার পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হামলার নেপথ্যে কারা রয়েছে, তা স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, নাকি অন্য কোনও কারণেই এই হামলা, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। 

ইএম বাইপাস সংলগ্ন পূর্বালোক এলাকায় বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ি। অভিযোগ, সকালে বাইকে করে বেশ কয়েকজন যুবক আসে। তাঁদের মুখ ঢাকা ছিল বলে অভিযোগ বামনেতার। শুধু তাই নয়, নম্বর প্লেটও কালো কাপড় দিয়ে ঢাকা ছিল বলে দাবি। ফলে কাউকে চেনা সম্ভব হয়নি। সিপিএম নেতা বলেন, হঠাৎ করে বাড়ি লক্ষ্য করে একের পর এক ইট ছুড়তে থাকে দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় বাড়ির জানলার কাচও। তাঁর অভিযোগ, একেবারে পরিকল্পনা করে এই হামলার ঘটনা ঘটানো হয়েছে। তবে এই ঘটনায় তাঁকে যে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য বিকাশরঞ্জন ভট্টাচার্যের। 

তিনি বলেন, ”খুব পরিকল্পিত আক্রমণ এটা। এরা যদি সন্ত্রাসী না হয় তবে কারা? ওই সন্ত্রাসীরা জেনে রাখুক, আমাকে ভয় দেখানো যাবে না। এবার আমি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেব। সবাই যাতে সাবধানে হয়ে যায়।” বলে রাখা প্রয়োজন, রাজ্যে পালাবদলের পর বামেদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। গত কয়েকদিনে একাধিক জায়গায় বামেদের পার্টি অফিস লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এমনকী বামেদের সভাতেও হামলার অভিযোগ সামনে এসেছে। শুধু তাই নয়, গত জুন মাসে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসবে’র আয়োজন করেছিলেন হিন্দুত্ববাদীরা। একের পর এক ভিডিও ছবি তার সমাজমাধ্যমে ভাইরাল হয়। বছর দশেক আগে ধর্মতলায় দাঁড়িয়ে গোমাংস খেয়েছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। উদ্দেশ্য ছিল, ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে বার্তা দেওয়া। তার পালটা এহেন কর্মসূচির নেওয়া হয় বলে অভিযোগ। যদিও বিবেকানন্দকে স্মরণ করে বুঝিয়ে দিয়েছিলেন, নিজের অবস্থানে তিনি অনড়। 

You might also like!