
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বর্তমানে শহরের একাধিক বাজারের পরিকাঠামো ও পরিবেশ নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি, চলাচলে সমস্যা কিংবা বৃষ্টির সময়ে জমা জলের দুর্ভোগ, সব মিলিয়ে বাজারে কেনাকাটা অনেকের কাছেই অস্বস্তিকর অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। তবে এই পরিস্থিতি আর বেশিদিন থাকবে না বলে আশ্বাস দিয়েছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, ধীরে ধীরে বদলে ফেলা হবে বাজারগুলির চেহারা ও পরিকাঠামো। এমন ভাবে বাজারগুলিকে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে সেখানে ঢুকলেই ক্রেতাদের সামনে তৈরি হয় পরিচ্ছন্ন, স্বচ্ছন্দ এবং আলাদা একটি কেনাকাটার অভিজ্ঞতা। বাজার সংস্কারের মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটাকে আরও সহজ ও আরামদায়ক করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মন্ত্রী।
রাজ্যে ক্ষমতায় আসার পরই কলকাতা শহরকে সুন্দর করে সাজাতে উদ্যোগী হন মন্ত্রী অগ্নিমিত্রা। রাস্তায় সেখানে সেখানে আবর্জনা, থুতু ফেললে বা প্রস্রাব করলে সেপ্টেম্বর থেকেই জরিমানা চালু হয়েছে। পার্কিং নিয়েও আলাদা পরিকল্পনা রয়েছে মন্ত্রীর। এই নিয়ে অগ্নিমিত্রা লাগাতার বিভিন্ন জায়গায় হানা দিয়ে নজরদারি চালাচ্ছেন। এই নিয়ে তাঁকে ট্রোলও হতে হচ্ছে বলে জানান তিনি। কিন্তু যাই হোক, তিনি থেমে থাকবেন না বলে সাফ জানিয়ে দেন অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে উন্নয়নমূলক কাজ জারি থাকবে বলে জানান তিনি। তাঁর অভিযোগ, আগের সরকার জলাশয় বুজিয়ে বিল্ডিং তৈরি করত। এখন জলাশয় বুজিয়ে প্লে গ্রাউন্ড তৈরি করা হবে। তবে সবার আগে নাগরিকদের সচেতন হতে বলেন মন্ত্রী।
অগ্নিমিত্রা পাল বলেন, “বাজারগুলোকে সুন্দর করতে চাইছি। বাজার এখন বিভীষিকা। ভিড়ভাড়, ঠেলাঠেলি, জল পড়ে আছে, নোংরা। আমরা এমন বাজার তৈরি করব যেখানে ঢুকলেই আপনাদের দারুণ এক্সপিরিয়েন্স হবে।” তিনি আরও বলেন, ” প্রচুর টয়লেট হচ্ছে। বাজারে বাজারে ব্যাগের ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। প্লাস্টিকের বোতল দিয়ে দিলেই পেয়ে যাবেন একটি ব্যাগ, এমন মেশিন বসানো হচ্ছে। এর জন্য মানুষের সহযোগিতা চাই। “
