Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

2 hours ago

CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যে নতুন সরকারের প্রথম দুর্গাপুজো। উৎসবের আগে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে একাধিক নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের কর্মক্ষেত্রকে আরও সচল করার পাশাপাশি বিভিন্ন শ্রেণির মানুষের জন্য একাধিক উদ্যোগের কথা জানান তিনি। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত পড়ুয়াদের খাবারের জন্য বরাদ্দ বৃদ্ধি, কর্মবন্ধুদের পারিশ্রমিক বাড়ানো, পুলিশে নিয়োগপত্র প্রদান এবং মহিলাদের উচ্চশিক্ষার জন্য নতুন প্রকল্প চালুর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একাধিক ঘোষণাকে ঘিরে উৎসবের মরশুমে সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীর আশ্বাস, আগামী দিনে আরও বেশ কিছু ক্ষেত্রে কাজ করবে রাজ্য সরকার। পাশাপাশি আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে ১৪ হাজারের বেশি নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি। 

সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। জানান, পুজোর আগে ‘কর্মবন্ধু’ অর্থাৎ ভূমি রাজস্ব দপ্তরের সাফাইকর্মীদের ভাতা ৫ হাজার থেকে ৮ হাজার টাকা করা হল। চলতি মাসেই তা পাবেন অস্থায়ী কর্মীরা। আগামী ১০ তারিখ, মহালয়ার দিন রাজ্য পুলিশে ১১২ নম্বর অর্থাৎ জরুরি অবস্থায় পদক্ষেপের জন্য নম্বর চালু হচ্ছে। ওইদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান থেকে বিভিন্ন থানাকে ৪০০ গাড়ি ও ৪৫০ বাইক দেওয়া হবে। আর পরদিন, ১১ অক্টোবর রাজ্য পুলিশের প্রথম ব্যাচে প্রায় ১২ হাজার জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী। সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে আরও বেশ কিছু সুখবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিভিন্ন দপ্তরে ১৪,৪৫৪ নতুন নিয়োগ হবে। ৬ থেকে ৮ মাসের মধ্যে পরীক্ষা পদ্ধতি শেষ করে দ্রুত নিয়োগ পাবে। পিএসসি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেই নিয়োগ হবে। বনদপ্তর, দমকল বিভাগ, কারাবিভাগ, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক-সহ একাধিক দপ্তরে চাকরি পাবেন যোগ্যরা।শিক্ষাক্ষেত্রেও বেশ কিছু ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। তফসিলি জাতি-উপজাতি শ্রেণিভুক্ত হস্টেল পড়ুয়াদের খাবারে বরাদ্দবৃদ্ধি হয়েছে। ১৮০০ টাকা থেকে ৩৩০০ টাকা করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় প্রকল্প ‘ভগিনী নিবেদিতা স্কিম’ চালু হল রাজ্যে।এই প্রকল্পের মাধ্যমে অবিবাহিত মহিলাদের উচ্চশিক্ষায় ৩ বছর ধরে মোট ৫০ হাজার টাকা দেওয়া হবে। 

এছাড়াও ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতাকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বাংলা থেকেও রাষ্ট্রবাদী পাইলট তৈরির বার্তা দিলেন তিনি। বেহালায় একটি ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট গড়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি চান, স্মিত মচ্ছরের মতো রাষ্ট্রবাদী পাইলট যেন বাংলা থেকেই তৈরি হওয়ার সুযোগ পায়। শুধু দেশ নয়, গোটা বিশ্বে তাঁরা পরিষেবা দিতে পারবেন। তিনি আশাবাদী, শীঘ্রই কেন্দ্রের তরফে বাংলায় এই ইনস্টিটিউট গড়ার অনুমতি মিলবে। মুখ্যমন্ত্রী বলেন, “ভারতের প্রত্যেক পাইলট দেশকে ভালোবাসেন। কিছুদিন আগে আমাদের এক পাইলট নিজের সাহসিকতার পরিচয় দিয়েছেন। বহু নিরপরাধ জীবন বাঁচিয়েছেন তিনি। বাংলা থেকে যেন এরকম পাইলট তৈরি হতে পারে সেই আর্জি জানিয়েছি।”

এদিন পা ভাঙা ইস্যুতেই মমতাকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “ঘাঁটাঘাঁটি কম করুন।” আরও বলেন, “যদি এক্স রে প্লেট, এমআরআই রিপোর্ট যদি দেখাতে শুরু করি, বাড়ি থেকে বেরতে পারবেন না।” দিন কয়েক আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে ৫ বছর আগে তাঁর বেশ কিছু মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। আর তাতেই উঠছে আইনের প্রশ্ন। এভাবে কি বিনা অনুমতিতে কারও রিপোর্ট প্রকাশ্যে আনা যায়? এনিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ এসএসকেএমের ডিরেক্টর, সুপার ও বিভাগীয় প্রধানকে আইনি চিঠি ধরালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অর্ক নাগ। প্রশ্ন তুলেছেন, কোন নিয়মের ভিত্তিতে এমনটা করা হল? সেই বিষয়েই এবার পালটা দিলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “স্বাস্থ্য দপ্তর হয়ে আমার কাছে পাঠিয়ে দিতে বলব, ওনার আইনজীবীর চিঠি। মমতা বন্দ্যোপাধ্যায় মনে হয় জানেন না, উনি কেস করেছিলেন। কেসটা সিআইডি নিয়েছিল। স্বাভাবিকভাবে এসএসকেএমে কোনও নথি পাওয়ার কথা নয়। বিজেপির নামে এফআইআর হয়েছিল। সিআইডি তদন্ত হয়।” বিজেপি নেতা-কর্মীদের নামে সেসময় মমতা বন্দ্যোপাধ্যায় এফআইআর করেছিলেন। সেই কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপরেই শুভেন্দু অধিকারী বলেন, “প্রয়োজন হলে কোথা থেকে কাগজটা পেয়েছি আমি বলে দেব। কাগজটা পিজিতে ছিল না। পিজিতে থাকার কথা নয়। উনি ভেবেছিলেন চতুর্থবার মুখ্যমন্ত্রী হয়ে আসবেন। উনি অনেক কাগজই ড্রয়ারে রেখে দিয়ে গিয়েছিলেন। অনেক কাগজ বার করে নিয়ে যেতে পারেননি।” মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যে ফিরে আসতে পারবেন না, সেই কথা আরও একবার বলেন মুখ্যমন্ত্রী। 

You might also like!