
যোধপুর, ৪ অক্টোবর : শারীরিক সুস্থতা, জাতীয় সংহতি এবং দলগত চেতনা বৃদ্ধির লক্ষ্যে রাজস্থানের যোধপুরে সফলভাবে অনুষ্ঠিত হলো 'সেখোঁ ভারতীয় বায়ুসেনা ম্যারাথন ২০২৬'-এর দ্বিতীয় সংস্করণ। রবিবার ভারতীয় বায়ুসেনার উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে সাধারণ নাগরিক ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
এই আয়োজন প্রসঙ্গে ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন মনোজ যাদব জানান, এদিনের ম্যারাথন অত্যন্ত সফল ও অনুপ্রেরণামূলক হয়েছে। তিনি বলেন, "আজকের অভিজ্ঞতা অসাধারণ। এই ম্যারাথনে ৩,৫০০ জনেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছিলেন। ভারতীয় প্রতিযোগীদের পাশাপাশি আড়াইশোরও বেশি বিদেশি নাগরিক এতে দৌড়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, ১৫০ জনেরও বেশি স্কুল পড়ুয়াও এতে যোগ দিয়েছিল।" তিনি আরও উল্লেখ করেন, সমগ্র যোধপুর শহরকে একসূত্রে বাঁধার এবং দলগত ঐক্য গড়ে তোলার লক্ষ্যেই বায়ুসেনার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। যোধপুরবাসী এই আয়োজনকে অত্যন্ত উৎসাহের সঙ্গে গ্রহণ করেছেন।
