
চণ্ডীগড়, ৪ অক্টোবর : তিন দিনের সরকারি সফরে সিঙ্গাপুর গেলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি। ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত এই সফরে তিনি একাধিক দ্বিপাক্ষিক ও ব্যবসায়িক কর্মসূচিতে অংশ নেবেন। হরিয়ানা মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে এই সফরের বিস্তারিত জানানো হয়েছে।
সফরকালে মুখ্যমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মূলত সিঙ্গাপুরের আধুনিক পরিকাঠামো এবং উন্নত প্রযুক্তি খতিয়ে দেখাই তাঁর এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য। এছাড়া সিঙ্গাপুর বিজনেস ফোরাম আয়োজিত একটি নৈশভোজে অংশ নিয়ে সেখানকার শীর্ষ শিল্পপতি ও বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। হরিয়ানায় প্রস্তাবিত আন্তর্জাতিক মানের জঙ্গল সাফারি প্রকল্পের বিষয়টি মাথায় রেখে মুখ্যমন্ত্রী এদিন সন্ধ্যায় সিঙ্গাপুর সাফারি পরিদর্শনেও যাবেন। সিঙ্গাপুরের এই অভিজ্ঞতা ও মডেলকে হরিয়ানার পর্যটন ও বন্যপ্রাণ পরিকাঠামোয় কীভাবে বাস্তবায়িত করা যায়, তা সরেজমিনে পর্যবেক্ষণ করবেন নয়াব সিংহ সাইনি।
