kolkata

1 week ago

Nawsad Siddique: ‘খাম’ প্রতীক নিয়ে টানাপোড়েন! বিকল্প ‘আলমারি’ পেয়েও হাই কোর্টে নওশাদদের আইএসএফ

ISF MLA Naushad Siddique visited the Calcutta High Court
ISF MLA Naushad Siddique visited the Calcutta High Court

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘খাম’ প্রতীক নিয়ে টানাপোড়েন এখনও অব্যাহত। নির্বাচন কমিশনের বিকল্প প্রতীক হিসেবে ‘আলমারি’ বরাদ্দ হলেও খাম প্রতীক ফিরে পাওয়ার দাবি থেকে সরছে না নওশাদ সিদ্দিকির আইএসএফ। কমিশনের প্রতীক সংক্রান্ত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আগেই চিঠি দিয়েছিলেন দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। এবার সেই বিষয়েই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছে আইএসএফ। সূত্রের খবর, সোমবারই এ নিয়ে মামলা দায়ের করা হবে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলাটি দায়ের হতে পারে বলে জানা গিয়েছে। আগামী ৬ অক্টোবর দুই কেন্দ্রে উপনির্বাচন। তার আগে আইনি পথে গিয়ে আইএসএফ খাম প্রতীক ফিরে পায় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আসলে প্রতীক নিয়ে যে যুদ্ধ এতদিন তৃণমূল কংগ্রেসের অন্দরে ছিল, দল ভাগ হয়ে যাওয়ার পর যুদ্ধের আঁচ বাইরেও। গত সপ্তাহে নির্বাচন কমিশনের রায়ে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস আলাদা হওয়ার পর নতুন প্রতীক পেয়েছে তারা। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেওয়া হয়েছে ‘খাম’ প্রতীক, যা এতদিন ছিল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের। ২০২১ সাল থেকে তারা এই প্রতীকে নির্বাচনে লড়েছে। আইএসএফের রেজিস্টার্ড সেই একই প্রতীক কীভাবে কমিশন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলকে দিল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। সেদিনই তিনি জানিয়েছিলেন, এনিয়ে কমিশনকে আইনি চিঠি পাঠাবেন। যদিও পরে দুই রাজনৈতিক দলের একই প্রতীক নিয়ে বিভ্রাট মেটাতে কমিশন আইএসএফকে ‘আলমারি’ প্রতীক দেয়। কিন্তু তা সত্ত্বেও ‘খাম’ হাতছাড়া করতে নারাজ নওশাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন।

সূত্রের খবর, বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলা দায়ের হতে পারে আজই। নন্দীগ্রামে নতুন একটি দল রাতারাতি কীভাবে ‘স্বীকৃত দল’ হয়ে গেল এবং ‘খাম’ প্রতীক পেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নওশাদ। মামলার শুনানির দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, উপনির্বাচনকে সামনে রেখে দ্রুত শুনানির আবেদন জানাতে চলেছে আইএসএফ।

You might also like!