
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পরও সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা ও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে অভিযোগ উঠছে। মৌলবাদীদের হামলা, হিন্দু মন্দির এবং দেবদেবীর মূর্তি ভাঙচুরের মতো ঘটনা এখনও উদ্বেগ বাড়াচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলেও দীর্ঘ আড়াই বছর ধরে কারাবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর মুক্তির বিষয়ে আইনি প্রক্রিয়ায় এখনও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে অভিযোগ। বরং তাঁকে এক জেল থেকে অন্য জেলে স্থানান্তরের উদ্যোগ নিচ্ছে স্থানীয় প্রশাসন। এই পরিস্থিতিতে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিষয়টি নিয়ে মুখ খুলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। চিন্ময় প্রভুর প্রসঙ্গ টেনে তাঁর সঙ্গে শ্রীচৈতন্যদেবের তুলনাও করেন শমীক।
ষোড়শ শতকে নবদ্বীপের শ্রীচৈতন্যদেব ওরফে নিমাইয়ের হাত ধরে ভক্তি আন্দোলনের ছোঁয়া পায় অবিভক্ত বাংলা। তাঁর কৃষ্ণপ্রেমই কালক্রমে মানবপ্রেমে উত্তীর্ণ হয়ে অহিংসতার পথ তৈরি করে। হিন্দু ধর্মের উদারতা বিশ্বকে চিনিয়েছিলেন শ্রীচৈতন্যদেব। সে অর্থে ধর্মীয় ভেদাভেদ ঘুচিয়ে সকল মানুষকে অহিংসা আর প্রেমের বন্ধনে আবদ্ধ করেছিলেন নবদ্বীপের সেই ভূমিপুত্র। পরবর্তীতে সেখানেই গড়ে ওঠে সেবামূলক প্রতিষ্ঠান ইসকন। যা ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে এখন গোটা বিশ্বে বিখ্যাত। চৈতন্যদেবের কার্যক্রম বিশ্বজুড়ে ছড়িয়ে দেন সেখানকার সন্ন্যাসীরা। বাংলাদেশে ঠিক সেই কাজটিই করেছেন সনাতন সংগঠনের প্রতিনিধি তথা ইসকনের যোগ থাকা সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ওরফে চিন্ময় প্রভু। কিন্তু ২০২৪ সালে হাসিনা সরকার পতনের পর তাঁকে রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি করা হয়েছে। বিচারপ্রক্রিয়াও এগোচ্ছে না। সম্প্রতি তাঁকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরিত করা হয়েছে।
এখন হাসিনার প্রত্যাবর্তনের আগে রীতিমতো জ্বলছে বাংলাদেশ। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আওয়ামি লিগের কর্মী, সদস্যরা দিকে দিকে হিংসাত্মক কার্যকলাপ চালাচ্ছে বলে অভিযোগ প্রশাসনের। এনিয়ে শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘‘এটা আন্তর্জাতিক বিষয়। তবে ওখানে যে ঘোষ, বোস, মিত্ররা আছেন, চাকমারা আছেন, মতুয়ারা আছেন, তাঁরা আমাদের রক্তেরই। তাঁরা আজ বিপন্ন। ধর্মাচরণ, মন্দির ভাঙা – এসব চলছে। চাই এসব তাড়াতাড়ি বন্ধ হোক।” এরপরই তাৎপর্যপূর্ণ মন্তব্যে শমীক বলেন, ‘‘ওখানে চিন্ময় প্রভুকে এতদিন ধরে জেলবন্দি করে রাখা হয়েছে। তিনি একজন হিন্দু সন্ন্যাসী, খুব ভালোভাবে শ্রীচৈতন্যদেবের কাজ করে চলেছেন। তাঁকে এভাবে অস্বীকার করার অর্থ আসলে চৈতন্যদেবকেই অস্বীকার করা। তিনি তাড়াতাড়ি মুক্তি পান, সেটাই চাই।”
