
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রাজ্যের আদিবাসী সম্প্রদায় সরকারি প্রকল্প ও বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, রাজ্যে রাজনৈতিক পালাবদল না হলে আদিবাসীদের বঞ্চনা অব্যাহত থাকত। ক্ষমতায় আসার পর থেকেই জনজাতি সম্প্রদায়ের জীবনযাত্রার মানোন্নয়নে একের পর এক পদক্ষেপ করছে নতুন সরকার। বুধবার জনজাতি গৌরব দিবস উপলক্ষে আলিপুরদুয়ারের কুমারগ্রামে আয়োজিত জনসভা থেকে এমনই বার্তা দেন মুখ্যমন্ত্রী। শুধু বক্তব্য রাখাই নয়, সভা শেষে আদিবাসী সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের মেজাজে গানের তালে পা মেলাতেও দেখা যায় তাঁকে। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং রাজ্যের মন্ত্রী নিশীথ প্রামাণিক।
বুধবার বিরসা মুন্ডার জন্মজয়ন্তী। এই উপলক্ষে কুমারগ্রামের সভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, “আদিবাসীদের প্রতি বঞ্চনা হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাননি। রাজ্যে পরিবর্তন না হলে সরকারি প্রকল্প থেকে এখনও আদিবাসীরা বঞ্চিত হতেন। বর্তমানে আদিবাসীদের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করা হয়েছে। আদিবাসীদের জন্য অনেক কাজ হয়েছে। সরকারি প্রকল্প থেকে আর বঞ্চিত হবেন না তাঁরা।” আদিবাসীদের জন্য একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করে তাঁদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সব ভুয়ো এসটি সার্টিফিকেট বাতিল করা হবে। যোগ্যারাই শুধু আবাসের সুবিধা পাবেন। প্রতিশ্রুতি দিয়েও আগের সরকার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। এবার আর তা হবে না। তিনি জানান, জঙ্গলে জমির পাট্টা দেওয়ার কাজ করেছে নতুন সরকার।
এদিনের জনসভা থেকে তৃণমূলের বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অতীতে তৃণমূলের দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। সেই ঘটনার তদন্তে নতুন করে গতি আনতে পুরনো মামলার ফাইল ফের খোলার নির্দেশ দেন তিনি। এ বিষয়ে উত্তরবঙ্গের আইজিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়ে শুভেন্দু বলেন, “কাউকে ছাড়া হবে না। সবাইকে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন।”
