Country

52 minutes ago

Ramban Road Accident: জম্মু ও কাশ্মীরে দুর্ঘটনার কবলে পশ্চিমবঙ্গের বাস; মৃত্যু মহিলার, আহত ৪ জন

4 Injured in Ramban Road Accident
4 Injured in Ramban Road Accident

 

শ্রীনগর ও জম্মু, ৩ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল পশ্চিমবঙ্গ থেকে যাওয়া একটি পর্যটকবাহী বাস। দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে এবং অন্তত ৩৮ জন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সিংহভাগই বাংলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বাসটি (যার রেজিস্ট্রেশন নম্বর পশ্চিমবঙ্গের) পর্যটকদের নিয়ে শ্রীনগর থেকে জম্মুর দিকে যাচ্ছিল। রামবান এলাকায় পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। বিকট শব্দ শুনে সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ঘটনার খবর পেয়েই রামবানের জেলাশাসক মহম্মদ আলিয়াস খানের সঙ্গে ফোনে কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা উধমপুরের সাংসদ ডঃ জিতেন্দ্র সিং। উদ্ধারকাজ এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ডঃ জিতেন্দ্র সিং জানান, "শ্রীনগর থেকে জম্মুগামী পশ্চিমবঙ্গের রেজিস্ট্রেশন নম্বরযুক্ত একটি যাত্রীবাহী বাসের দুর্ভাগ্যজনক পথ দুর্ঘটনার খবর পেয়ে এইমাত্র রামবানের জেলাশাসকের সঙ্গে কথা বললাম। ঘটনায় ৩৮ জন যাত্রী আহত হয়েছেন। অত্যন্ত দুঃখের বিষয়, এক মহিলা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য জম্মুর সরকারি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। বাকি আহতদের জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। প্রশাসন সবরকমের সাহায্য ও চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছে। আমার দপ্তর নিয়মিত জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।"

You might also like!