
রুদ্রপ্রয়াগ, ৭ অক্টোবর : খারাপ আবহাওয়ার কারণে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার অগস্ত্যমুনি ক্রীড়া ময়দানে একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হিমালয়ান সার্ভিসেসের ওই হেলিকপ্টারটি উত্তরকাশীর ঝালা থেকে সেরসি হেলিপ্যাডের দিকে যাচ্ছিল। কেদার উপত্যকায় আবহাওয়ার অবনতি হওয়ায় পাইলট নিরাপত্তার স্বার্থে অগস্ত্যমুনিতে অবতরণের সিদ্ধান্ত নেন। সকলেই নিরাপদে রয়েছেন।
ঘটনার সময় কেদার উপত্যকায় আবহাওয়ার দ্রুত পরিবর্তন হয়। আকাশ ঘন মেঘে ঢেকে যায় এবং বিভিন্ন এলাকায় বৃষ্টিও শুরু হয়। এর ফলে হেলিকপ্টার পরিষেবায় প্রভাব পড়ে। পরিস্থিতি বুঝে পাইলট ঝুঁকি না নিয়ে অগস্ত্যমুনি ক্রীড়া ময়দানে অবতরণ করেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বুধবার সকালে রুদ্রপ্রয়াগের জেলাশাসক বিশাল মিশ্র জানিয়েছেন, শ্রী কেদারনাথ ধামের আকাশপথে, বিশেষ করে কেদার উপত্যকায় আবহাওয়া খারাপ হওয়ার সতর্কবার্তা ছিল। এই পরিস্থিতিতে দু’টি হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। প্রতিটি হেলিকপ্টারে পাইলট-সহ সাতজন করে ছিলেন। সকলেই নিরাপদে রয়েছেন এবং কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জেলাশাসক আরও বলেন, হেলিকপ্টার চলাচলের ক্ষেত্রে ডিজিসিএ-র নির্ধারিত নিয়ম মেনেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। আবহাওয়ার ক্ষেত্রে কোনও ধরনের গাফিলতি না করার জন্য সমস্ত হেলিকপ্টার অপারেটরকে বারবার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
অগস্ত্যমুনিতে হেলিকপ্টার জরুরি অবতরণের পর এলাকায় কিছু সময়ের জন্য নানা জল্পনা ছড়ায়। পরে প্রশাসনের তরফে পরিস্থিতি পরিষ্কার করা হয়। অগস্ত্যমুনির ঘটনায় যে হেলিকপ্টারটি নেমেছিল, তাতে থাকা প্রত্যেকেইই নিরাপদে রয়েছেন।
