
পৌরি গড়ওয়াল, ৭ অক্টোবর : মঙ্গলবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের চমোলি-সহ বিস্তীর্ণ এলাকা। এদিন রাতে কম্পন অনুভূত হয়েছে দিল্লি-এনসিআরেও। রাতের ওই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। অনেকেই ঘর ও দোকানপাট ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
জাতীয় ভূকম্পন বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ১০টা ২৩ মিনিট ১৩ সেকেন্ডে চমোলিতে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ৪.৯। ভূপৃষ্ঠ থেকে ১৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। কেন্দ্রের নির্ধারিত স্থানাঙ্ক ৩০.১০৩ ডিগ্রি উত্তর এবং ৭৯.৫৬১ ডিগ্রি পূর্ব।
বুধবার পৌরি গড়ওয়ালের এক স্থানীয় বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় দোকানে জিনিসপত্র গোছানোর কাজ চলছিল। আচমকা কম্পন শুরু হলে দোকানের সামগ্রী পড়ে যেতে থাকে। পরিস্থিতি বুঝে সকলে দোকান থেকে বাইরে বেরিয়ে আসেন। পরে কম্পন থামলে দোকান বন্ধ করে দেওয়া হয়। ওই বাসিন্দা বলেন, “আমরা দোকানে জিনিসপত্র গোছাচ্ছিলাম। ভূমিকম্প শুরু হতেই জিনিসপত্র পড়ে যায়। সবাই বাইরে ছুটে বেরিয়ে আসেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দোকান বন্ধ করে দিই।”
আর এক স্থানীয় বাসিন্দা জানান, দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেই সময় আচমকাই তীব্র কম্পন অনুভূত হয়। তাঁর কথায়, “ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে। সবাই বাইরে বেরিয়ে এসেছিলেন। আমি দোকান বন্ধ করতে যাচ্ছিলাম। সেই সময় কম্পন খুব তীব্র হয়ে ওঠে।” চমোলির ভূমিকম্পের কম্পন দিল্লি ও সংলগ্ন এলাকাতেও পৌঁছয়। নয়ডা, গুরুগ্রাম-সহ রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় বাসিন্দারা ঝাঁকুনি অনুভব করেন। প্রাথমিকভাবে ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
