
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে চলছে বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’। এই কর্মসূচির শেষ দিন আগামী ৭ অক্টোবর দেশব্যাপী ‘সেবা জ্যোতি যাত্রা’ আয়োজনের পরিকল্পনা নিয়েছে বিজেপি। সোমবার সাংবাদিক বৈঠক করে দলের এই কর্মসূচির কথা জানান রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। শমীক বলেন, সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে টানা ২৫ বছর সরকারের প্রধান পদে থাকা একটি বিরল ঘটনা। সেই উপলক্ষেই ৭ অক্টোবর দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেও পদযাত্রার আয়োজন করা হবে বলে জানান তিনি। বিজেপির এই কর্মসূচির সূচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের বক্তব্যের মাধ্যমে। তাঁদের বক্তব্য জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে দেশজুড়ে কর্মসূচিতে অংশ নেওয়া মানুষদের সামনে সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন শমীক।
পশ্চিমবঙ্গে ২৩টি প্রশাসনিক জেলা। সব জেলা সদরে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে এই ভাষণ শোনানো হবে। প্রকাশ্যে এবং ইনডোর স্টেডিয়ামেও এই কর্মসূচি হবে। মোদির ভাষণ শেষে শুরু হবে ‘সেবা জ্যোতি যাত্রা’। মশাল হাতে ওই পদযাত্রায় হাঁটবেন বিজেপি কর্মীরা। শর্মীক জানান, “এই কর্মসূচিতে বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও কর্মসূচিতে শামিল হয়ে মোদিজিকে আশীর্বাদ করবেন।”
এদিকে, পাড়ায় পাড়ায় জনসংযোগ তৈরি করতে বুথভিত্তিক কর্মসূচি তৈরি করে প্রচারের আটদফা গাইড লাইন বেঁধে দিল বঙ্গ বিজেপি। পুরভোট শুরুর আগে পর্যন্ত পুজোর মরশুমে এই প্রচার চলবে। নভেম্বর পর্যন্ত নির্দেশনামা দেওয়া হয়েছে বলে গেরুয়া শিবির সূত্রে খবর। নিচুতলায় জনসংযোগে ঘাটতি থাকছে। বর্তমানে রাজ্যে ক্ষমতায় বিজেপি। আর তাই জনসংযোগে ঘাটতি মেটাতে বুথের কর্মীদের মাঠে নামতে নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষস্তর থেকে। প্রথমত, বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে টানা প্রচার করতে হবে। ইতিমধ্যে সেবা ক্যাম্পে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা আমজনতার কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি জনসংযোগ সেরেছেন বিজেপি বিধায়ক থেকে শুরু করে জেলা সভাপতি ও নেতারা। বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, সেবা সেতু ক্যাম্পে নাগরিকরা নাম নথিভুক্ত করেছেন কেন্দ্র ও রাজ্য সরকারের নানা প্রকল্পে।
