
লখনউ, ১৬ অক্টোবর : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বরিষ্ঠ নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কংগ্রেসের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছেন। শুক্রবার তাঁর লখনউ সফরের দ্বিতীয় দিনে রাজ্য বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আজ সারা বিশ্বে ভারতের সম্মান বৃদ্ধি পেয়েছে| কিন্তু এই বিরোধীরা (কংগ্রেস) ভোট চুরির নামে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। রাহুল গান্ধীর আত্মবিশ্লেষণ করা উচিত।
রাজনাথ সিং বলেন, কংগ্রেস বড় বড় অপরাধ করেছে। কংগ্রেসের ইতিহাসে একাধিক কালো অধ্যায় যুক্ত রয়েছে। শিখদের গণহত্যা সংঘটিত হয়েছিল। এরা বাংলাদেশের মতো পরিস্থিতির সৃষ্টি করে ক্ষমতার পরিবর্তন ঘটাতে চায়। তাদের এই লড়াই এসআইআর-এর জন্য নয়, তারা যেভাবেই হোক ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। একজন নির্বাচন কমিশনার অতীতে দু'বার মন্ত্রী হয়েছিলেন। রাজনাথ সিং উল্লেখ করেন, ১৯৯৩ সালের আগে ভোটার আইডি কার্ডের প্রচলন ছিল না। ভোটার আইডি কার্ড চালু হওয়ার পর থেকেই তাদের জন্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন অধরা হয়েছে। সেই থেকে কংগ্রেস আর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারেনি। এখন এই সমস্ত মানুষেরা তথাকথিত ভোট চুরির নামে দেশে নৈরাজ্য ছড়ানোর চেষ্টা করছে। এরা নির্লজ্জভাবে ভারতের নির্বাচিত সরকারকে ফেলে দিতে চায়। এটাই প্রকৃত নৈরাজ্য।
