
ভোজপুর, ১৫ অক্টোবর : বিহারের ভোজপুর জেলায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন অবসরপ্রাপ্ত কাস্টমস আধিকারিক রামকুমার সিং। তিনি 'ক্ষত্রিয় কল্যাণ সংগঠন'-এর সঙ্গেও যুক্ত ছিলেন। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারে একাধিক বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভোজপুরের পুলিশ সুপার (এসপি) অবধেশ দীক্ষিত জানান, "রামকুমার সিং নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই, নিহতের পরিবারের সঙ্গে দেখা করি। হত্যাকাণ্ডের পেছনের সম্ভাব্য বিভিন্ন কারণ খতিয়ে দেখতে পুলিশের একাধিক দল কাজ করছে।"
তিনি আরও বলেন, "নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। দ্রুত এই ঘটনার কিনারা করে সমস্ত অপরাধীকে গ্রেফতার করা হবে। বাকি অভিযুক্তদের সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চলছে।"
