
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরেই বক্স অফিসে সলমন খানের ম্যাজিক যেন আগের মতো কাজ করছে না। নানা জটিলতা পেরিয়ে সেন্সরের বাধা কাটিয়ে অবশেষে মুক্তির অপেক্ষায় তাঁর ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। পাশাপাশি একটি মেগাবাজেটের দক্ষিণী ছবির শুটিং নিয়েও ব্যস্ত রয়েছেন বলিউডের ভাইজান। এরই মধ্যে নতুন ইউটিউব চ্যানেল চালুর ঘোষণা করে অনুরাগীদের চমকে দিলেন সলমন। অভিনয়ের একেবারে গোড়ার পাঠ থেকে শুরু করে তাঁর নিজস্ব স্টাইল ও ‘সোয়্যাগ’, সব কিছুই এবার নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেখানোর পরিকল্পনা করেছেন অভিনেতা।
সদ্য ‘বিয়িং দ্য সলমন খান’ নামে এক নতুন ইউটিউব চ্যানেলের ঘোষণা করেছেন বলিউড সুপারস্টার। তবে এই চ্যানেল আর পাঁচটা তারকার ইউটিউব চ্যানেলের মতো নয়। কনটেন্টেও বিশেষ চমক রেখেছেন ভাইজান। প্রায় চার দশকের ফিল্মি কেরিয়ারে যেভাবে নিজস্ব ক্যারিশ্মায় এযাবৎকাল দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন সলমন, সেই অভিজ্ঞতাই এবার এই ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরবেন অভিনয় শিক্ষানবিশদের জন্য। শুক্রবার রাতে বেশ অভিনব স্টাইলে সংশ্লিষ্ট চ্যানেলের ঘোষণা করেন অভিনেতা। ইনস্টাস্টোরিতে ‘বিয়িং দ্য সলমন খান’ ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করে ভাইজানের গুগলি, “তাহলে শুরু থেকে শুরু করি। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড— সবকিছু এখানেই পাওয়া যাবে।” চ্যানেলের প্রচারঝলকে নিজেকে দুটো সংস্করণে তুলে ধরেছেন সলমন খান। কীরকম? একজন অভিজ্ঞ অভিনয় প্রশিক্ষক আর অন্যজন অভিনয়ের খুঁটিনাটি শিখতে আসা এক শিক্ষানবিশ।
তবে ইউটিউবের দুনিয়ায় এই প্রথম পা রাখেননি সলমন খান। এর আগে ২০২০ সালে ‘সলমন খান ফিল্ম মিউজিক’ নামে একটি চ্যানেল শুরু করেছিলেন তিনি। বর্তমানে সেই চ্যানেলের অনুসরণকারীর সংখ্যা প্রায় ৩০ লক্ষ। সেখানে সলমনের বিভিন্ন ছবির গান ছাড়াও প্রকাশিত হয়েছে তাঁর মৌলিক গানও। অতিমারির সময় অভিনয়ের পাশাপাশি গানেও নিজস্ব প্রতিভার পরিচয় দিয়েছিলেন অভিনেতা। সেসময় ‘প্যায়ার করোনা’ এবং ‘তেরে বিনা’র মতো গান প্রকাশ করেছিলেন তিনি। এবার নতুন ইউটিউব চ্যানেলে ভিন্ন মেজাজে ধরা দিলেন বলিউড সুপারস্টার।
