
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মা হওয়ার পর ওজন বেড়েছে ক্যাটরিনা কাইফের। আর তা নিয়েই বেশ কিছুদিন ধরে সমাজমাধ্যমে চলছে নানা আলোচনা ও কটাক্ষ। মাসখানেক আগে কুক্কু কোহলির শেষকৃত্যে প্রথম প্রকাশ্যে অভিনেত্রীর শারীরিক গড়ন নিয়ে চর্চা শুরু হয়। এরপর আম্বানিদের গণপতি উৎসবে যোগ দেওয়ার পর সেই আলোচনা আরও জোরাল হয়। মাতৃত্বের পর শরীরে স্বাভাবিক পরিবর্তন আসতেই নেটাগরিকদের একাংশের কটাক্ষের মুখে পড়তে হয় শাহরুখ-সলমনের একাধিক হিট ছবির এই নায়িকাকে। এমনকি তাঁর কেরিয়ার নিয়েও নানা নেতিবাচক মন্তব্য করা হয়। এই পরিস্থিতিতে ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির একাধিক সতীর্থ। তবে যাবতীয় কটাক্ষের জবাবে এত দিন প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। বরং নিজের মতো করেই সময় কাটিয়েছেন তিনি। এবার নিজের বিউটি ব্র্যান্ডের বর্ষপূর্তি অনুষ্ঠানে হাজির হয়ে নতুন করে নজর কাড়লেন সদ্য মা হওয়া ক্যাটরিনা। তাঁর উপস্থিতি ও আত্মবিশ্বাস যেন সমালোচকদের উদ্দেশে নীরব জবাব হয়ে উঠল।
সৌন্দর্যের মাপকাঠি, আত্মবিশ্বাস এবং শরীরচর্চা নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন। তাঁর মতে, সোশাল মিডিয়ার নেতিবাচক মন্তব্যে কখনই প্রভাবিত হওয়া উচিত নয়। নিজের জীবনদর্শন নিয়ে এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন। অচেনা-অজানা ব্যক্তিদের মতামতের তুলনায় সময়ের সঙ্গে পরিবর্তনকে মেনে নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে আত্মবিশ্বাস, প্রকৃত সৌন্দর্য। লন্ডনে নিজের বিউটি ব্র্যান্ডের এক বছর পূর্তিতে সৌন্দর্য নিয়ে কথোপকথনের সময়ই সোশাল মিডিয়ার প্রভাব নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেন ক্যটারিনা।
তাঁর কথায়, “সোশাল মিডিয়ায় কী বলা হচ্ছে সেটা যেন কখনই আমাদের আত্মসম্মান এবং মূল্যবোধকে প্রভাবিত না করে। এবিষয়ে প্রত্যেকের সত্যিই সতর্ক থাকা দরকার। কারণ, সেখানে নানা মুনির নানা মত। আপনি যদি প্রত্যেকের মতামত অনুযায়ী চলার চেষ্টা করেন তাহলে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতাটাই হারিয়ে ফেলবেন। সমালোচনার ভয়ে নিজের সিদ্ধান্ত নেওয়া থেকে সরে আসা উচিত নয়।” সমালোচনার প্রভাব নিয়ে ক্যাটরিনার উপলব্ধি, “এমন সময় আসবে যখন গোটা পৃথিবীর কাছে আপনি আলোচনার বিষয়বস্তু বহয়ে উঠবেন। আবার এমন সময়ও আসবে যখন আপনাকেই নিজের সবচেয়ে বড় সমর্থক হয়ে উঠতে হবে। সমালোচনাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে গেলে জীবনে এগিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়ত।” নিজেকে ভালোবাসা এবং জীবনের বিভিন্ন পর্যায়ে নিজের পরিবর্তনকে মেনে নেওয়ার গুরুত্বও তুলে ধরেন ক্যাটরিনা। তাঁর মতে, “এমন দিন আসতে পারে যখন নিজেকে দারুণ সুন্দরী ও আত্মবিশ্বাসী মনে হবে। আবার উলটোটাও হতে পারে যখন নিজের চেহারা বা নিজেকে নিয়ে মনে নানা সংশয় তৈরি হবে। ওই সময়ে আত্মবিশ্বাসী থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” ক্যাটরিনার এই বক্তব্য সামনে আসতেই ইতিবাচক প্রতিক্রিয়া অনুরাগীমহলে।
