Entertainment

1 hour ago

Amitabh Bachchan: ‘মুখ ছোট, উচ্চতা বেশি’! চেহারার জন্য বারবার বাদ পড়েছিলেন অমিতাভ, জানালেন আইকনিক লুকের নেপথ্যকথা

Amitabh Bachchan Reveals the Story Behind His Iconic Look
Amitabh Bachchan Reveals the Story Behind His Iconic Look

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউডে আজ তিনি ‘শাহেনশাহ’ কিংবা ‘অ্যাংরি ইয়ং ম্যান’ নামে পরিচিত। কিন্তু এই সাফল্যের জায়গায় পৌঁছনোর পথটা মোটেও সহজ ছিল না অমিতাভ বচ্চনের জন্য। কেরিয়ারের শুরুতে তাঁর উচ্চতা, মুখের গড়ন এবং শারীরিক চেহারা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছিল। এমনকী, এই কারণেই কাজের সুযোগ থেকেও বঞ্চিত হতে হয়েছিল তাঁকে। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর মঞ্চে নিজের সেই কঠিন সময়ের কথা বলতে গিয়ে তাঁর জনপ্রিয় হেয়ারস্টাইল ও জুলফির পিছনের মজার গল্পও শেয়ার করেন বিগ বি। 

এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথনের সময় অমিতাভ জানান, ১৯৭০-এর দশকে তাঁর যে লম্বা চুল এবং কানপট্টি পর্যন্ত জুলফি বিশেষ পরিচিতি পেয়েছিল, তার পিছনে কোনও নির্দিষ্ট ফ্যাশন ভাবনা ছিল না। বরং নিজের চেহারা নিয়ে তৎকালীন ইন্ডাস্ট্রির মন্তব্যের কারণেই এমন লুক বেছে নিয়েছিলেন তিনি। পুরনো দিনের কথা মনে করে অমিতাভ জানান, অভিনয়ের সুযোগ খুঁজতে গিয়ে প্রযোজকদের কাছ থেকে তাঁকে প্রায়ই শুনতে হত, তাঁর উচ্চতা নাকি অনেক বেশি। ফলে কোনও নায়িকা তাঁর সঙ্গে অভিনয় করতে চাইবেন না। পাশাপাশি তাঁর মুখ তুলনামূলক ছোট বলেও মন্তব্য করা হত। তাই মুখের গড়নকে কিছুটা চওড়া দেখানোর জন্যই চুল বড় রাখা এবং জুলফি কান পর্যন্ত বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। অর্থাৎ, যে লুক পরবর্তীকালে তাঁর অন্যতম পরিচয় হয়ে উঠেছিল, তার জন্ম হয়েছিল অনেকটাই পরিস্থিতির চাপে।


১৯৬৯ সালে মৃণাল সেনের ‘ভুবন সোম’ ছবিতে নেপথ্য কণ্ঠ হিসেবে কাজের মাধ্যমে চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু। একই বছরে ‘সাত হিন্দুস্তানি’ ছবিতে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন অমিতাভ। এরপর ‘আনন্দ’, ‘সঞ্জোগ’ এবং ‘বোম্বে টু গোয়া’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করলেও শুরুটা খুব একটা মসৃণ ছিল না। একাধিক ছবি ব্যর্থ হওয়ায় তাঁকে ‘ফ্লপ নবাগত’ বলেও কটাক্ষ করা হয়েছিল।

তবে সেই ব্যর্থতাই শেষ কথা হয়ে থাকেনি। ১৯৭৩ সালে ‘জঞ্জীর’ ছবিতে ইনস্পেক্টর বিজয়ের চরিত্রে অভিনয় করে রাতারাতি বদলে যায় তাঁর কেরিয়ার। তাঁর রাগী, গম্ভীর এবং তীব্র অভিনয় দর্শকদের মনে দাগ কাটে। জন্ম নেয় বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’। এরপর ‘দেওয়াল’, ‘শোলে’, ‘ত্রিশূল’, ‘ডন’, ‘মুকাদ্দর কা সিকান্দর’ এবং ‘কালা পাথর’-এর মতো একের পর এক ছবিতে অভিনয় করে ভারতীয় সিনেমায় নিজের আলাদা জায়গা তৈরি করেন তিনি। যে চেহারা একসময় ছিল প্রত্যাখ্যানের কারণ, পরবর্তীকালে সেই চেহারাই হয়ে ওঠে তাঁর অন্যতম আইকনিক পরিচয়। ২০২৪ সালে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’-তে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে নতুন প্রজন্মের দর্শকদের কাছেও প্রশংসা কুড়িয়েছেন অমিতাভ। ছবিটির দ্বিতীয় পর্বেও প্রভাস ও কমল হাসানের সঙ্গে তাঁকে ফের দেখা যাবে। 

You might also like!