
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। উৎসবের আনন্দে আর্থিক কারণে কেউ যাতে নতুন পোশাক থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই নতুন উদ্যোগ নিল বঙ্গ বিজেপি। বাংলায় চালু হল ‘নমো মল’, যেখানে মাত্র ১০ টাকায় জামাকাপড় কেনার সুযোগ পাবেন সাধারণ মানুষ। মূলত আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবারের মানুষদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছে বিজেপি। পুজোর দিনগুলিতে তাঁরাও যাতে নতুন পোশাক পরে উৎসবে সামিল হতে পারেন, সেই উদ্দেশ্যেই ‘নমো মল’ তৈরির পরিকল্পনা করা হয়েছে। বৃহস্পতিবার পানিহাটিতে এই উদ্যোগের প্রথম কেন্দ্রটির উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার-সহ বঙ্গ বিজেপির একাধিক শীর্ষ নেতা। বিজেপি নেতৃত্বের দাবি, এই উদ্যোগ শুধু পানিহাটিতেই সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে রাজ্যের অন্যান্য জেলাতেও একই ধরনের ‘নমো মল’ চালু করার পরিকল্পনা রয়েছে। উৎসবের মরশুমে মাত্র ১০ টাকায় জামাকাপড় কেনার এই সুযোগ কতটা সাড়া ফেলে, এখন সেদিকেই নজর।
প্রশাসক হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি উপলক্ষে একাধিক কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। শুরু হয়েছে সেবা সংকল্প যোজনা। সেই যোজনার অংশ হিসাবেই এদিন পানিহাটিতে বিশেষ এই নমো মল খোলার ভাবনা স্থানীয় বঙ্গ বিজেপি নেতৃত্বের। ‘পুজোর জামা কাপড় কিনুন মাত্র ১০ টাকায়’ এই মর্মেই শুরু হয়েছে এই কর্মসূচি। মূলত নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষরাও পুজোর দিনগুলিতে নিজের এবং নিজের পরিবারকে নতুন জামা কিনে দিতে পারেন সেজন্যই এই নমো মল খোলার ভাবনা। জানা গিয়েছে, এহেন মলে মাত্র ৫ বছর থেকে ৫০ বছর বয়স পর্যন্ত, সমস্ত পুরুষ, মহিলা এবং বাচ্চাদের জামা পাওয়া যাবে।
এদিন পানিহাটিতে নমো মলের সূচনা করে সুকান্ত মজুমদার বলেন, ”আমাদের নেতা-কর্মীরা কয়েক হাজার জামা-কাপড়ের ব্যবস্থা করেছেন এখানে। মাত্র ১০ টাকার কুপন কিনে কাপড়, শাড়ি কিংবা বিভিন্ন জিনিস কেনার সুযোগ পাবেন মানুষ। একেবারেই অভিনব উদ্যোগ।” কেন্দ্রীয়মন্ত্রীর কথায়, প্রাক্তন সভাপতি জেপি নাড্ডা বলতেন, সেবাই সংগঠন। সেবার মাধ্যমেই সংগঠনের কাজ করতে হবে। অন্যান্য রাজনৈতিক দল ভোটকেন্দ্রিক। কিন্তু আমরা আলাদা। ভোটের দিকে তাকিয়ে কিছু করি না। এহেন পদক্ষেপে বহু মানুষ উপকৃত হবেন। তাঁদের মুখেই হাসি ফুটবে বলে মন্তব্য সুকান্ত মজুমদারের। শুধু তিনিই নয়, এহেন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়ও।
