Country

47 minutes ago

CJP Protest Bengaluru : ‘আরশোলা’ সেজে অভিনব প্রতিবাদ, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বেঙ্গালুরুতে বিক্ষোভ

CJP Protest Bengaluru
CJP Protest Bengaluru

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া বাতিলের দাবিতে এবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে বিক্ষোভে নামল ককরোচ জনতা পার্টি বা CJP। ‘জ্ঞানেশ কুমার গদি ছাড়ুন’ এবং ‘SIR বাতিল হোক’ স্লোগানে সরগরম হয়ে ওঠে বিক্ষোভস্থল। অভিনব প্রতিবাদ কর্মসূচিতে ‘আরশোলা’ সেজে অংশ নেন আন্দোলনকারীরা।

‘ককরোচ’দের এই কর্মসূচির নাম ‘পিপলস ট্রাইব্যুনাল’। সিজেপির দাবি, এসআইআর প্রক্রিয়ায় যাঁদের নাম ‘অন্যায়ভাবে’ বাদ দেওয়া হয়েছে, তাঁদের জন্যই এই মঞ্চ। বৃহস্পতিবার সকাল থেকেই বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ভিড় জমাতে শুরু করেন বহু মানুষ। দুপুর ১টা নাগাদ সেখানে পৌঁছন সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারা। তাঁদের সঙ্গে একই মঞ্চে দেখা যায় ধ্রুব এবং প্রকাশকেও। সেখান থেকেই এসআইআর বাতিলের দাবি জানান তাঁরা। এরপর ‘ভোট চোর’, ‘ভোট চোর’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিক্ষোভস্থল।

সমাবেশে বক্তৃতা করতে গিয়ে প্রকাশ বলেন, “এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন সমগ্র দেশকে অপমান করেছে। এই দেশে আগে জনগণ ঠিক করত কারা সরকার গঠন করবে, কিন্তু এসআইআর-এর মাধ্যমে এখন সরকারই ঠিক করছে কারা ভোট দেবে।” এসআইআর বাতিলের দাবি জানিয়ে প্রকাশ বলেন, “এই প্রতিবাদের লক্ষ্য কেবল জ্ঞানেশের অপসারণ নয়, বরং এসআইআর প্রক্রিয়াটি বাতিল করা। কারণ, জ্ঞানেশ চলে গেলে তাঁর জায়গায় অন্য কেউ আসবেন।”

অন্যদিকে, এই বিক্ষোভে যোগ দিতে জার্মানি থেকে ভারতে এসেছেন ধ্রুব। এই আন্দোলনকে তিনি ‘গণতন্ত্র রক্ষার লড়াই’ বলে অভিহিত করেছেন। ধ্রুব স্পষ্ট বলেন, “এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের স্বচ্ছতার অভাব রয়েছে। তাদের জবাবদিহি করতেই হবে। আমি এখানে সরকার পরিবর্তনের উদ্দেশ্যে নিয়ে আসিনি।” বলে রাখা ভালো, গত সপ্তাহে মুম্বইতে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল ‘আরশোলা’রা। ছাত্র, যুব, মহিলা-সহ যোগ দিয়েছিলেন হাজার হাজার মানুষ।

You might also like!