
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:দেবীপক্ষ শুরু, কাউন্টডাউন চলছে দুর্গাপুজোর। অফিস-কাছারি ও স্কুলে ছুটি পড়লেই নতুন পোশাকে ঠাকুর দেখার আনন্দে মেতে উঠবে বাংলা। কিন্তু উৎসবের প্রস্তুতির মাঝেই একটাই প্রশ্ন ঘুরছে সবার মনে, পুজোর আনন্দে কি বাধ সাধবে বৃষ্টি? বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা ঘিরে সেই জল্পনার মধ্যেই স্বস্তির বার্তা আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার আশঙ্কা নেই। ফলে পুজোয় ভারী বৃষ্টির আশঙ্কাও আপাতত কম। কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা। তবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পুজোতেও ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গ সহ জেলায় জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু'-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমীর দিন বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক ভাবে কম। এক কথায় বলাই যায়, দুর্গাপুজোয় মোটের উপর মনোরম থাকবে আবহাওয়া।উত্তরবঙ্গেও মনোরম আবহাওয়া থাকবে দুর্গাপুজোর সময়। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে।
নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পুজোর আনন্দ মাটি?
ইতিমধ্যেই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। সেটি বঙ্গোপসাগরে এসে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আর এই খবর সামনে আসার পরই অনেকের চিন্তা, আগামী কয়েক দিন ঠিক কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া? আর বিষয়টা নিয়ে মুখ খুলেছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বঙ্গোপাসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তবে এই সিস্টেম নিয়ে এখনই আতঙ্কের কিছু নেই। ১৩ অক্টোবর বা মঙ্গলবার পর্যন্ত মোটের উপর শুষ্ক থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া। খুব বেশি হলে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর বেশি কিছু নয়।
তবে খেলা ঘুরবে ১৪ অক্টোবর থেকে। বুধবার কলকাতা থেকে শুরু করে উত্তর ১৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ মেদিনীপুরের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া ৩০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। পুজোর আগে শেষ রবিবার। তাই আপাতভাবে শুষ্ক থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুব একটা বর্ষণের আশঙ্কা নেই। যদিও এই সময় আকাশ মেঘলা থাকতে পারে। আর এমন আবহাওয়া ১৩ অক্টোবর পর্যন্ত থাকার সম্ভাবনা প্রবল। পরিশেষে বলি, আপাতত পশ্চিমবঙ্গের আবহাওয়ার উপর নিম্নচাপের প্রভাব নেই। সুতরাং বেশি চিন্তা করবেন না।
