WB Weather Update: ঘণ্টায় ১২০ কিমি বেগে অন্ধ্রে ল্যান্ডফল ‘মুরাসু’র, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

Cyclone Murasu hits Andhra Pradesh
Cyclone Murasu hits Andhra Pradesh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আবহবিদদের পূর্বাভাস মেনেই মঙ্গলবার ভোররাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’। স্থলভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার। ভোর সাড়ে ৩টে নাগাদ ওঙ্গোলের কাছে ল্যান্ডফল শুরু হয়। প্রায় দু’ঘণ্টা ধরে চলে এই প্রক্রিয়া। ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। তবে বাংলার জন্য আপাতত স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় মুরাসুর সরাসরি কোনও বড় প্রভাব এ রাজ্যে পড়ার আশঙ্কা নেই। যদিও মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ মেঘলা। বাতাসে রয়েছে ভ্যাপসা গরমের অনুভূতিও। নভেম্বরের শুরুতে এমন আবহাওয়া কিছুটা অস্বাভাবিক বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। 

হাওয়া অফিস সূত্রে খবর, রাত ১টা থেকে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয় মুরাসুর। সেসময় ঘূর্ণিঝড়ের বহিরাংশ অর্থাৎ মেঘ-প্রাচীর স্পাইরাল ব্যান্ডটি স্থলভাগ ছুঁয়েছিল। এরপর সাড়ে তিনটে নাগাদ ঘূর্ণিঝড়টির ‘আই’ বা চোখ ভূমিতে আছড়ে পড়ে। ভোর সাড়ে পাঁচটা নাগাদ নেল্লোর ও নারসাপুরের মধ্যভাগ ওঙ্গোলের খুব কাছ দিয়ে ‘মুরাসু’র ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হয়। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করে ধীরে ধীরে দুর্বল হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়টি। সেসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। কোথাও কোথাও সেই বেগ ১২০ কিলোমিটারও পৌঁছে যায়। 

‘মুরাসু’র প্রভাবে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ অংশ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু ঘরবাড়ি তছনছ হয়েছে। তামিলনাড়ুর উত্তর অংশেও ভালো প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় মুরাসুর। পশ্চিম গোদাবরী, গুন্টুর, কৃষ্ণা, বাপটালা, প্রকাশম, নেল্লোর-সহ একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। এর প্রভাবে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। অন্ধ্রের বিপর্যয় মোকাবিলা দলের প্রধান প্রখর জৈন জানিয়েছেন, এমনিতে খুব বড় সতর্কতার কিছু নেই। বিদ্যুৎ পরিষেবাও আপাতত স্বাভাবিক। তবে বিপদ এড়াতে জনগণকে তিনি বাড়িত ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন। পশ্চিমবঙ্গে ‘মুরাসু’র প্রায় কোনও প্রভাব নেই। মৎস্যজীবীদেরও সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি হয়নি কোনও নিষেধাজ্ঞা। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…